হোম > জাতীয়

সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত তিলাওয়াত করেন কক্সবাজার-২ আসনের (বিএনপি) দলীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এরপর তিনি বলেন, ‘শোকর করতে হবে জীবনের। শোকর করতে হবে বরাদ্দের। শোকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। শোকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শোকর করে না, কিন্তু অস্বীকার করে। সেই জন্য তাদের...কঠিন আজাবের সম্মুখীন করতে হবে।’ সংসদ সদস্যের এমন বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের এমপিরা।

আজ বুধবার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার একপর্যায়ে এ বিতর্ক হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘আমাদের ডান পাশের লোক, ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে। কিন্তু রাস্তায় যেয়ে মিছিল করবে।’

এরপরই তিনি পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত তিলাওয়াত করেন। যে আয়াতের অর্থ হচ্ছে, ‘যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নি ‘য়ামাত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখ, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন।’ কিন্তু সংসদ সদস্য মাহফুজ উল্লাহ এই অনুবাদ পড়ে শোনাননি। যদিও এটির আলোকে বিরোধী দলের উদ্দেশে নিজস্ব বক্তব্য দিয়েছেন।

বিএনপি সংসদ সদস্যের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, ‘কোরআন, হাদিসের আয়াত ঠাট্টা বিদ্রূপের বিষয় নয়। এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হলে তা খুবই দুঃখজনক।’

ওই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়েছে উল্লেখ করে নাজিবুর রহমান বলেন, ‘উনাদের প্রশংসা করলে উনারা আরও বাড়ায় দিবেন। আর উনাদের ইয়ে না করলে উনারা আমাদের পিটাবেন নাকি? এ ধরনের বোঝাতে চাচ্ছেন? এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে। এটা খুব ভুলভাল বিষয়।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সতর্ক বাণী এসেছে যে এগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করার বিষয় না।’

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ‘এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে—কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননা, কিছু বিষয় আমাদের কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার (স্পিকার) দৃষ্টি আকর্ষণ করছি।’

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার মনে হয়, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন পুরোনো সংসদ সদস্য। আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরও আমরা পরীক্ষা করে দেখব যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপাঞ্জড হবে এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এ দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না।’

সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্পিকারের বক্তব্যকে সমর্থন জানান।

এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বিতর্কে যাব না। কিন্তু একটা ভুল মেসেজ যাবে, বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যেকোনো আকারে বলা হোক যে, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআনের আয়াতে ভুল ব্যাখ্যা দিয়েছেন। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন মাওলানা। মাদ্রাসা পাস।’

বিএনপির সংসদ সদস্য প্রসঙ্গক্রমে কোরআনের আয়াতটি উল্লেখ করেছেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের আরও বাড়িয়ে দেবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টিকে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা করা ঠিক হবে না। ৯২ শতাংশ মুসলমানের দেশে এই সংসদে কোনো সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননামূলক হয় তাঁরা সেটার নিন্দা করবেন। কিন্তু এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক হবে না।’

এরপর বিরোধী দল আপত্তি জানাতে থাকলে স্পিকার বলেন, ‘আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না। তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন। অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে। এটা নিয়ে বিতর্ক হোক, এটা চাই না। আমরা সবাই মুসলমান। এখানে অধিকাংশই মুসলমান। এই দেশটারও ৯২ শতাংশ মানুষ মুসলমান সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক এসব স্পর্শকাতর বিষয় এটা তো চাই না।’

এ সময় বিরোধী দলের একাধিক সংসদ সদস্য দাঁড়ালে স্পিকার বলেন, ‘আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছেন। সংসদে প্রথম বেঞ্চে যখন সিনিয়র নেতারা দাঁড়ায়, পেছন দিকে আপনারা বসে যাবেন।’

তখন জামায়াতে ইসলামীর মুজিবুর রহমানকে ফ্লোর দেন স্পিকার। স্পিকার বলেন, ‘কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না। এখানে সবাই তো অধিকাংশই মুসলমান অধিকাংশই ধর্মের প্রতিবাদ শ্রদ্ধা পোষণ করে।’

এরপর মুজিবুর রহমান বলেন, ‘এই আয়াতটা কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তাঁর অগণিত নেয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গুনতে চাও তাহলে গুনে শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি, এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন। অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধি-বিধানের পক্ষে আমাকে কথা বলতে হবে।’

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা এইযে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এটা যদি প্রশংসা না করে তার ওপর আজাব আসবে। এইদিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না।’

মুজিবুর রহমান বলেন, ‘মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলেমের কাছে যেয়ে বলবেন কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি।’

তখন স্পিকার বলেন, ‘এখানে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম অনেক বেশি আছে, এখানে এইদিকের চাইতে। সেটা তো আমরা স্বীকার করে নিয়েছি। তবে আমার এই ট্রেজারি বেঞ্চেও দু-একজন আছে।’

এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্য মাহফুজ উল্লাহ একজন আলেম। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন কিনা তা স্পিকার জানতে চাইতে পারেন।’ তিনি এই আলোচনা এখানেই শেষ করার আহ্বান জানান। পরে আবার বাজেট আলোচনায় ফিরে যান স্পিকার।

ডেন্টাল ডিপ্লোমাধারীদের থাকতে হবে সহকারী হিসেবেই

৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান

মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

সংস্কৃতির মাধ্যমেই মানুষের মানবিক চেতনার বিকাশ ঘটে: সংস্কৃতিমন্ত্রী

সব ধর্ম ও সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করবে সরকার: মির্জা ফখরুল

আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন

গুজব-অপপ্রচারকারীদের সাইবার আইনে অন্তর্ভুক্তি বিবেচনা করছে সরকার: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট