ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির তিন প্রার্থীর বৈধতা নিয়ে আপিল বিভাগে করা লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
বিএনপির তিন প্রার্থী হলেন—ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম।
আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব শুনানির জন্য এদিন ধার্য করেন। আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আবেদনগুলো কার্যতালিকার ১০৫, ১০৬ ও ১০৭ নম্বর ক্রমিকে রয়েছে।
ঢাকা-১১ আসনের বিএনপির এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ ইসলাম রিট করেছিলেন ২ ফেব্রুয়ারি। তবে শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি করেন নাহিদ ইসলাম। তিনি একই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। আবেদনে বলা হয় কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট রিট খারিজ করে দিলে লিভ টু আপিল করেন ইউসুফ সোহেল।
বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা। পরে ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করেন রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে। তবে উভয়েই তাদের আপিল প্রত্যাহার করে নেন। পরবর্তীকালে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।
আজ তিনটি লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ। আজকের পত্রিকাকে শাহ নেওয়াজ বলেন, তিনটি লিভ টু আপিল মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানি হবে।
এর আগে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে নির্বাচনে জিতলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির মনোনীত দুই প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। এঁরা হলেন চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর। আর কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ও শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতার বৈধতার বিষয়টি নির্ভর করছে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর। এই চারজনের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর হয়ে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।