চার দিনের সরকারি সফরে আজ রোববার রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ; ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাপানি ব্যবসায়ী নেতা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তাঁর বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।