হোম > জাতীয়

দুদকে হাজির হতে ৩০ দিন সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে বক্তব্য দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তিনি দুদকের কাছে ৩০ দিন সময় চেয়েছেন।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি সময় চাওয়ায় এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ তাঁর দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে অভিযোগের অনুসন্ধানে বক্তব্য নেওয়ার জন্য শফিউদ্দিন আহমেদকে নোটিশ দেয় দুদক। কমিশনের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত ওই নোটিশে আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছিল।

নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য শোনা ও রেকর্ড করা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘অপরিহার্য’।

দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল অভিযোগটি অনুসন্ধান করছে।

তবে এখনো অনুসন্ধান শেষ হয়নি। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন সেনাপ্রধানের দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ, ব্যয় ৪৬৮৮ কোটি টাকা

মোংলায় প্রধানমন্ত্রী, করবেন বন্দর আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন