হোম > জাতীয়

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

সংবিধান সংশোধনে অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে সব দলের প্রতিনিধি রাখতে চায় আনুপাতিক হারে। স্বতন্ত্র থেকেও আমরা রাখতে চাই। সকলের মতামত নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি অচিরেই করব। আগামী রোববারের মধ্যে আপনারা দেখবেন হয়তো...খুব শিগগির একটা করব।’

আজ বুধবার জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নূরুল ইসলাম।

কত সদস্যের কমিটি করা হবে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘এটা একটা উদ্ভূত পরিস্থিতি। এখানে সরকারি দলের যাঁরা আইন বিশেষজ্ঞ আছেন, তাঁদের রাখতে চাই। বিরোধী দলের যাঁরা আইন বিশেষজ্ঞ আছেন, তাঁদের রাখতে চাই। আইন বিশেষজ্ঞ না থাকলে অন্যান্য দলের প্রতিনিধি রাখতে চাই। সব মিলিয়ে ২০ বা ১৮ বা ১৫ সদস্যের কমিটি করতে চাই, এটা নির্দিষ্ট না।’

সংবিধান সংশোধনের বিষয়ে নূরুল ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধনকে এমন পর্যায়ে নিতে চাই, যাতে বারবার আমাদের কাঁচি চালাতে না হয়।’

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করলে বিরোধী দল থাকবে না—এমন বক্তব্য প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘তাদের এই অবস্থান সঠিক হবে না। আজ বা কাল হোক, সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। সংবিধান সংশোধন কমিটিতে তাদের আমরা চাই। এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না, কাঁচির একটা অংশ দিয়ে যেমন চুল কাটা যাবে না, দুটোই লাগবে। আমরা সেটাই চাই, উনারা থাকুক। তাঁরা কমিটিতে থাকবেন বলে আমরা আশা করি। চূড়ান্তভাবে তাঁরা থাকবেন বলে আমরা আশা করি। কারণ, সংবিধান সংশোধন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। জুলাই সনদ অনুযায়ী এটা করা উচিত। এটা আমরা দেশের জন্যই করব। এতে কি প্রধানমন্ত্রী তারেক রহমান বা আমার কোনো বিশেষ সুবিধা হবে? উনার (বিরোধী দলের) বিশেষ কোনো ক্ষতি হবে? যেটা দেশের জনগণের কল্যাণে হবে, তাতে দ্বিমত করার কিছু আছে বলে মনে করি না।’

সরকারি দল সংসদকে কার্যকর করতে চায় বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, ‘সংসদের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই।’

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম ও প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন করার সুপারিশ করা হয়। এ ছাড়া সংসদ অধিবেশন কক্ষে ইন্টারনেটের ধীরগতি দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ ও আগামী ১০ তারিখের মধ্যে বাসা প্রস্তুতপূর্বক সংসদ সদস‌্যদের বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন ও আবুল হাসনাত।

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

সীমান্তমুখী চামড়ার গাড়ি দেখলেই ৯৯৯-এ ফোনের পরামর্শ পুলিশের

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে চার কোটি টাকা

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি

যমুনা সেতুতে ১১টি গাড়ি বিকল, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান