আওয়ামী লীগ সরকারের মতো দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আসলে সব জায়গায় কিন্তু আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে। যেটা আমাদের কারোর জন্যই ভালো নয়; দেশের জন্য ভালো নয়।’
আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
সরকারের বয়স দুই মাস উল্লেখ করে বিরোধী দলের সংসদ সদস্য রফিকুল বলেন, ইতিমধ্যে দলীয়করণ শুরু হয়ে গেছে। সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিবর্তন করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে, বিভিন্ন সিটি করপোরেশনে মেয়র নিয়োগ করা হয়েছে। সচিবালয় থেকে শুরু করে যেসব অভিজ্ঞ কর্মকর্তা ফ্যাসিবাদের আমলে ওএসডি হয়েছিলেন, এখন আবার তাঁদের ওএসডি করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগে এসব বেশি করা হচ্ছে বলে উল্লেখ করেন জামায়াতের এই সংসদ সদস্য।
রফিকুল ইসলাম বলেন, সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয়—দেশে আর কোনো সমস্যা নেই। সমস্যা হলো বিরোধী দল।
১৯৯৭ সাল থেকে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর এই এমপি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত আমরা তো প্রায় একসঙ্গেই ছিলাম। তখন তো কেউ সমস্যার কথা বলেন নাই।’
রফিকুল ইসলাম বলেন, ‘এই নির্বাচনের পরে আমরা জামায়াত এত খারাপ হয়ে গেলাম যে—এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই; তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই; আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই; বক্তব্য হলো জামায়াতে ইসলামী।’