মানবতাবিরোধী অপরাধ
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য মামলার চার আসামিকে দায়ী করেন তারা।
আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জবানবন্দি দেন শহীদ আশরাফুল ইসলামের স্ত্রী মোছা. লাবনী আক্তার এবং শহীদ সুরুজ আলীর স্ত্রী মোছা. ফাহিমা খাতুন।
মাহবুব উল আলম হানিফ ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিরা সবাই পলাতক।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ এই চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২ নভেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আর ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ।