হোম > জাতীয়

উপন্যাসের চাহিদা ফুরিয়ে যায়নি

শরীফ নাসরুল্লাহ, ঢাকা

মহিউদ্দিন আহমদকে পাঠক চেনেন লেখক, গবেষক এবং রাজনৈতিক কলামিস্ট হিসেবে। এসব বিষয়ে তাঁর বই বেরিয়েছে কয়েকটি। এবার তিনি বইমেলায় হাজির হয়েছেন ঔপন্যাসিক পরিচয়ে। ‘শেখ মুজিবের লাল ঘোড়া’ নামের বইটিতে বাংলাদেশের রাজনীতির স্বাধীনতা-পরবর্তী অস্থির সময়ের কথা তুলে ধরেছেন লেখক। বইটির প্রকাশক অনন্যা।

অন্যপ্রকাশের সামনে বিকেলে ছিল ছোট জটলা। উপন্যাস কিনছিলেন কয়েকজন পাঠক। অন্যপ্রকাশের বিক্রয়কর্মী আবু সায়েম জানালেন, হুমায়ূন আহমেদ ও সাদাত হোসেনের পুরোনো বই চলছে। এ ছাড়া লুৎফর হাসানের ‘কালো নদী লাল তীর’ বইটিও পাঠক কিনছেন।

রাজনীতি, দর্শন, ইতিহাস, সমাজ-সংস্কৃতি ইত্যাদি বিষয়ের ‘নন-ফিকশন’ বইয়ের চাহিদা দেশে গত কয়েক বছরে বেড়েছে। এত দিন বলা হচ্ছিল, তুলনায় কবিতা এমনকি গল্প, উপন্যাসের চাহিদাও কমতির দিকে। কিন্তু উপন্যাসের প্রতি আগ্রহ যে তেমন কমেনি, তা বোঝা গেল মেলার অন্তত ১৫টি স্টল ঘুরে। অনুপ্রাণন প্রকাশন এক শর বেশি বই বের করেছে এবার। এগুলোর মধ্যে ২৫টির বেশি উপন্যাস। প্রতিষ্ঠানটির কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘উপন্যাস ও গল্প কিনছেন পাঠক; বিশেষ করে তরুণ প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে উপহার দিতে উপন্যাস কিনছেন। রাজনীতির বইও চলছে। তবে কবিতা এবার উপেক্ষিত।’

কথাপ্রকাশ এনেছে হরিশংকর জলদাসের উপন্যাস ‘ঘটোৎকচ’। মহাভারতের কাহিনির হস্তিনাপুরের রাজা পাণ্ডুর দ্বিতীয় ছেলে ভীমের সন্তান ঘটোৎকচ। কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্ব দেখালেও ঘটোৎকচ এই মহাকাব্যে মোটের ওপর অবহেলিত চরিত্র। তাকে ঘিরেই এই উপন্যাসের গল্পের জাল ছড়িয়েছেন লেখক।

কথাপ্রকাশ আরও এনেছে মামুন হোসাইনের উপন্যাসিকা ‘রক্ষী-পুরুষ বিসম্বাদ’। ব্যবস্থাপক মো. ইউনুছ বললেন, ‘আমরা তিনটা উপন্যাস বের করেছি। পার্বত্য চট্টগ্রামের জীবন ও রাজনীতির প্রেক্ষাপটে লেখা ওয়াসি আহমেদের ‘কার্পাস মহল’ ভালো চলছে।’

অন্বেষা প্রকাশনী থেকে বের হয়েছে ১০টি উপন্যাস। এগুলোর মধ্যে ইতিহাসনির্ভর উপন্যাস চলছে বেশি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা রফিকুল আলম বলেন, ‘আমাদের কিছু লেখক আছেন, যাঁদের সিরিজ উপন্যাস আছে। সেই লেখকদের বই ভালো চলছে। এই তালিকায় আছেন জুনায়েদ ইসলাম। এবারের মেলায় তাঁর উপন্যাস এসেছে ‘ওফেলিয়া’ নামে। মোস্তাক শরীফের লেখা স্পেনের শেষ মুসলিম শাসক বোয়াবদিলের জীবন ও সময় ঘিরে উপন্যাস ‘সুলতান’ বইটিরও চাহিদা আছে।’

গতকাল পর্যন্ত বইমেলায় মোট উপন্যাস বেরিয়েছে অন্তত ১২৪টি।

তবে কয়েকটি প্রকাশনীর কর্মীরা আবার ভিন্ন কথাও বললেন। তাঁদের মতে, আলাদা করে উপন্যাস কেনার জন্যই পাঠক মেলায় আসছেন না। তাঁরা সব বই-ই নেড়েচেড়ে দেখছেন, যেটা ভালো লাগে কিনছেন।

শিকড় প্রকাশনীর বিক্রয় ব্যবস্থাপক প্রদীপ কুমার সরকার বলেন, ‘আসলে এবার মেলায় লোকসমাগম কম। যাঁরা আসছেন, তাঁরা কোনো বিশেষ বই নেওয়ার জন্য এসেছেন মনে হচ্ছে না। বই দেখে পছন্দ হলে কিনছেন। এখন বই পড়ার অভ্যাস অনেকটাই কমে গেছে। তাই লেখক ধরে বই কেনার পাঠক কম।’

শুরু থেকে টানা কয়েক দিন মেলায় ‘লোক নেই’ বলে যে রব উঠেছিল, তা কিছুটা ম্লান হয়েছে। শুক্রবারের পর গতকাল শনিবারও বেশ ভিড় হয়েছিল। বিক্রিও ছিল ভালো।

নতুন বইয়ের খোঁজে

সাহিত্যিক হাসনাত আবদুল হাই নিজের অবসরজীবনের স্মৃতিকথা লিখেছেন ‘জার্নাল’ নামে। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত জীবনের নানা ঘটনার কথা লিখেছেন তিনি। বইটি বের করেছে আগামী প্রকাশনী।

অন্বেষা প্রকাশ বের করেছে ‘দ্য অরিজিনস অব দ্য পার্টিশন অব ইন্ডিয়া’ নামের বই। বইটির লেখক অনিতা ইন্দার সিং, অনুবাদ জাহিদ হোসেন। অনিতা ভারতে জন্মগ্রহণ করা সুইডেনপ্রবাসী গবেষক।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে এই সময়ের রূপকথা লিখেছেন সত্যজিৎ বিশ্বাস। লক্ষ্য—নতুন প্রজন্মের জন্য পাঠক। ‘এআই রূপকথার গল্প’ নামে বইটি এনেছে অর্জন প্রকাশন।

গতকাল তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ১৮৫টি। মেলায় এ পর্যন্ত মোট নতুন বই এসেছে ৭৫৮টি।

অন্যান্য আয়োজন

মূলমঞ্চে ছিল ‘বেগম’ পত্রিকার নূরজাহান বেগমকে নিয়ে আলোচনা। গবেষক ও প্রাবন্ধিক ইসরাইল খান বলেন, বাংলা ভাষায় প্রকাশিত সাময়িকী-সাহিত্যের ইতিহাসে নারী সম্পাদকের নেতৃত্বে দীর্ঘকালব্যাপী প্রকাশিত দু-একটি পত্রিকার নাম ইতিহাসে উজ্জ্বল। তবে ‘সাপ্তাহিক বেগম’-এর তুলনা পাওয়া যায় না। বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি তথা সার্বিক পরিস্থিতির পরিবর্তন ও উন্নয়নের ইতিহাসে এই পত্রিকা যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এই পত্রিকার সম্পাদক হিসেবে মহীয়সী নূরজাহান বেগমের নামও সমমর্যাদায় উচ্চারিত হবে।

আলোচনায় অংশ নেন কবি, সাংবাদিক সোহরাব হাসান। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুভা নাহিদ চৌধুরী। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজের বই নিয়ে কথা বলেন মুস্তাফা মজিদ। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজ রোববার মেলা শুরু হবে বেলা ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

প্রবাসেও নির্যাতিত নারীরা

নারী অধিকার নিয়ে প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়ন কম

১০ হাজার লিটার ডিজেল মজুতের সাজা মাত্র ৫ হাজার—আইন কী বলছে

আন্তদেশীয় অনলাইন যৌন নিপীড়ন চক্র: জোবাইদুল আমিন একটি কেস স্টাডি

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, তেল নিতে ভোগান্তি

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

রেলওয়ে পূর্বাঞ্চল: টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৫ লাখ হিট

৯ মার্চ দুটি তেলের ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী