পোশাকশ্রমিকের বিক্ষোভ-অবরোধ চলাকালে নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পর আজই মজুরি বোর্ড ঘোষণার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত থাকা সত্ত্বেও একটি মহল সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরি ও জনদুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিকদের রাজপথে নামিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিচারপতি শেখ আসফাকুর রহমানকে চেয়ারম্যান করে গঠিত ৬ সদস্যের ন্যূনতম মজুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—
নিরপেক্ষ সদস্য: ড. মোসলেহ উদ্দিন আহমেদ (অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
মালিকপক্ষের প্রতিনিধি: আসিফ আইয়ুব (যুগ্ম মহাসচিব, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন চেম্বার)
শ্রমিকপক্ষের প্রতিনিধি: আনোয়ার হোসেন (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল)
এতে গার্মেন্টস শিল্পের প্রতিনিধি হিসেবে রয়েছেন—
মালিকপক্ষের প্রতিনিধি: শামসুদ্দিন (পরিচালক, বিজিএমইএ)
শ্রমিকপক্ষের প্রতিনিধি: বাবুল আক্তার (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন)।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।