হোম > জাতীয়

কিছু আসামির গতিবিধি সন্দেহজনক: চিফ প্রসিকিউটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, কিছু আসামির গতিবিধি, তৎপরতা সন্দেহজনক লেগেছে। তাঁরা যে কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে। তাই ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। এর আগে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের শিকার ৫৫টি পরিবারের সদস্যরা আসলে তাঁদের জবানবন্দি গ্রহণ করে তদন্ত সংস্থা।

চিফ প্রসিকিউটর বলেন, এই পরিবারগুলোর (গুমের শিকার) অভিযোগের তদন্ত যখনই শুরু হয়েছে, কিছু কিছু অপরাধীদের তৎপরতাও বেড়েছে। যাঁদের বিরুদ্ধে এখন বিচার চলছে, তাঁদের বিষয়ে প্রশাসনের লক্ষ রাখা প্রয়োজন।

আমিনুল ইসলাম আরও বলেন, গুমের শিকার প্রতিটি পরিবারের প্রতি লক্ষ রাখার বিষয় আছে, যাতে তাদের নিরাপত্তা বাড়ানো যায়। যাঁরা গুমের সঙ্গে জড়িত, তাঁরা অত্যন্ত শক্তিশালী। তাই, এই বিষয়ে সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন হতে যাচ্ছে। যা অত্যন্ত যুগোপযোগী। এই আইনের মাধ্যমে সারা দেশে গুমের বিচারে গতি পাবে বলে মনে করি।