হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ

আজকের পত্রিকা ডেস্ক­

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি সমন্বিত ও ব্যাপক অংশীদারত্বে উন্নীত করার লক্ষ্যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত তাঁর সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সৌদি আরব–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।’

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়া সৌদি আরব সফর করেন। তাঁরা উভয়েই বিশ্ব মুসলিম ঐক্য সুদৃঢ়করণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি উভয় দেশের ভৌগোলিক কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। ছবি: ফেসবুক

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় ২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৌদি আরবের সহযোগিতার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি সমন্বিত ও ব্যাপক অংশীদারত্বে উন্নীত করার লক্ষ্যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মভিসা এবং মোট প্রায় ১৪ লাখ ভিসা ইস্যু করা হয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকায় দক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বিদ্যমান রয়েছে।

এর আগে, আজ রোববার সকালে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর অধীনে মাননীয় যুবরাজের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগসমূহের প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি, সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে বলেছেন প্রতিমন্ত্রী

উত্তরের চার সীমান্তে এক দিনে আরও ৬০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের