বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডে প্রেমের খোঁজে যাওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিরা। তাঁদের জন্য বিনা খরচে ভ্রমণের আয়োজন করেছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। ভ্রমণের পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ নেওয়া ও ফিনিশ নাগরিকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও থাকবে তাঁদের। ফোর্বসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ভ্রমণ।
অংশগ্রহণকারীদের বিমানভাড়া, আবাসন, খাবার ও বিভিন্ন কার্যক্রমের সম্পূর্ণ ব্যয় বহন করবে ফিনল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
ভ্রমণের অন্যতম আকর্ষণ হবে বিশেষ নৈশভোজের আয়োজন। হেলসিংকি ও তাম্পেরে শহরে স্থানীয় অবিবাহিত ফিনিশ নাগরিকদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়ার সুযোগ পাবেন বিদেশি অতিথিরা। দেশটির খ্যাতনামা কয়েকজন শেফের তৈরি বিশেষ মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি, বন থেকে সংগ্রহ করা মাশরুমসহ স্থানীয় খাবার।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ বলেন, ফিনল্যান্ডের খাবার দেশটির সুখী জীবনযাপনের সংস্কৃতিরই প্রতিফলন। খাবারের মধ্য দিয়ে মানুষ প্রকৃতি, ঋতু ও একে অপরের সঙ্গে সংযুক্ত হয়।
এই আয়োজনের অনুপ্রেরণা দেশটির জনপ্রিয় একটি ডেটিং প্রবণতা ‘সিঙ্কুকোরি’। এর অর্থ ‘সিঙ্গেল বাস্কেট’ বা অবিবাহিতদের ঝুড়ি। ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের ঝুড়ি রাখা হয়। এসব ঝুড়ি ব্যবহারের মাধ্যমে কেউ নতুন মানুষের সঙ্গে কথা বলা কিংবা পরিচিত হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন।
প্রেমের খোঁজে বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণে আবেদনের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ফিনল্যান্ড ছাড়া বিশ্বের যেকোনো দেশের অবিবাহিত ব্যক্তি আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে। ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন নেওয়া হবে। নির্বাচিতদের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
আবেদনের জন্য ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে—‘ডিনার ডেটে আপনি আপনার সঙ্গীকে কী খাবার খাওয়াতে চাইবেন এবং কেন?’ এরপর ভিডিওটি টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো কোনো পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যমে #FinnishDinnerDate হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।