‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য তিনি কখনো রোমান্টিক নায়িকা, কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরোইন। মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’ চরিত্রে তাঁর অভিনয়, ফিটনেস এবং আকর্ষণীয় লুক বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়েছে। ক্যামেরা, লাইট, ভারী মেকআপ বা চরিত্রের সাজসজ্জার বাইরে স্কারলেটের সৌন্দর্যের আরেকটি দিক রয়েছে, সেটি হলো তাঁর সতেজ ও উজ্জ্বল ত্বক। আর তাঁর ত্বকচর্চার মূল দর্শন হলো, অল্পে তুষ্ট থাকা। অনেক ধরনের বিউটি পণ্য তিনি ব্যবহার করতে পছন্দ করেন না।
সারা দিন মেকআপে থাকার পর ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা স্কারলেটের রূপচর্চার অংশ। মেকআপ ও ধুলাবালু ত্বকে দীর্ঘ সময় জমে থাকলে ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা দেখা দেয়। তাই রাতে ঘুমানোর আগে মেকআপ তুলে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করাকে তিনি গুরুত্ব দেন।
‘সহজ প্রক্রিয়া’ স্কারলেটের স্কিন কেয়ারের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর পুরো রুটিন অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। প্রথম ধাপে তিনি ব্যবহার করেন জেন্টল মাইসেলার অ্যান্টিঅক্সিডেন্ট ক্লিনজার। দিনের ধুলাবালু ও ময়লা পরিষ্কার করে ত্বক পরের ধাপের জন্য প্রস্তুত করাই এর উদ্দেশ্য। এরপর তিনি ব্যবহার করেন ভেগান কোলাজেন প্রেপ সেরাম। এটি ত্বক আর্দ্র রাখতে ব্যবহার করা হয়। সবশেষে নারিশিং স্কোয়ালেন ডেইলি ময়শ্চারাইজার। এতে থাকা স্কোয়ালেন ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।
ত্বক সংবেদনশীল হওয়ায় স্কারলেটের হালকা স্কিন কেয়ার ব্যবহার করেন। বিশেষ করে সুগন্ধিমুক্ত পণ্য ব্যবহারকে তিনি গুরুত্ব দেন। বেশি সুগন্ধি বা রাসায়নিক উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালা তৈরি করে। তাই ত্বকের ধরন বুঝে হালকা স্কিন কেয়ার পণ্য ব্যবহার করেন তিনি।
স্কারলেটের মেকআপ আর্টিস্ট ফ্র্যাঙ্কি বয়েডের মতে, মেকআপের আগে ত্বক ভালোভাবে তৈরি করা জরুরি। এ জন্য স্কারলেট ময়শ্চারাইজিং ক্রিমের সঙ্গে ফেস অয়েল মিশিয়ে ব্যবহার করেন। এতে ত্বক নরম ও আর্দ্র থাকে।
স্কারলেটের মেকআপ তৈরিতে হায়ালুরনিক অ্যাসিডযুক্ত সেরামও ব্যবহার করা হয়। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
মেকআপের সময় চোখের নিচের অংশে কনসিলার ব্যবহার করা হয় বলে এই জায়গা আর্দ্র রাখা জরুরি। স্কারলেট মেকআপের সময় চোখের নিচে হাইড্রেটিং আই ক্রিম ব্যবহার করেন।
সপ্তাহে অন্তত এক দিন ত্বকে একটু বাড়তি যত্ন নেওয়ার বিষয়টিও রয়েছে স্কারলেটের রূপচর্চায়। হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করে ত্বক আর্দ্র ও সতেজ রাখার চেষ্টা করেন তিনি।
স্কারলেট প্রাকৃতিক উপাদানভিত্তিক রূপচর্চার প্রতি আগ্রহী। অ্যাপল সিডার ভিনেগার ও মধুর মতো উপাদানের ব্যবহার তাঁর স্কিন কেয়ার রুটিনের অংশ।
নিয়মিত স্টাইলিং ও হিট ব্যবহার করার কারণে চুলের যত্নে হিট প্রোটেকট্যান্ট ও হেয়ার সেরাম ব্যবহার করেন তিনি।
নিজের সংবেদনশীল ত্বকের অভিজ্ঞতা থেকে স্কারলেট জোহানসন ২০২২ সালে গড়ে তোলেন নিজের স্কিন কেয়ার ব্র্যান্ড দ্য আউটসেট। এই ব্র্যান্ডের মূল বিষয় সহজ স্কিন কেয়ার। এই প্রতিষ্ঠান মূলত সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর উপাদানমুক্ত পণ্য তৈরি করে। মাত্র কয়েকটি প্রয়োজনীয় পণ্য দিয়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখার ওপর জোর দেন স্কারলেট।
অভিনেত্রীদের উজ্জ্বল ত্বকের পেছনে শুধু স্কিন কেয়ারের ভূমিকা যথেষ্ট নয়। পেশাদার মেকআপ আর্টিস্ট লাইটিং, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, ঘুম এবং নিয়মিত স্কিন ট্রিটমেন্ট—সবকিছুরই ভূমিকা রয়েছে। পেশাদার অভিনেত্রী হিসেবে স্কারলেট জোহানসনও সেসব বিষয়ে সচেতন।
সূত্র: হাব পেজেস, পিওর ওয়াও