ত্বকের কিছু লক্ষণ দেখে বোঝা যায়, বর্তমান ময়শ্চারাইজারটি বদলে ফেলার সময় এসেছে কি না। নিয়মিত ব্যবহারের পরেও ত্বকে কাঙ্ক্ষিত পরিবর্তন না এসে বরং উল্টো সমস্যা দেখা দিলে বুঝতে হবে, পণ্যটি আপনার ত্বকের উপযোগী নয়। লক্ষণগুলো জেনে নিন—
ময়শ্চারাইজার মাখার কিছুক্ষণ পরেই যদি ত্বক আবার শুষ্ক হয়ে যায়, চামড়া খসখসে লাগে বা টানটান ভাব তৈরি হয়, তাহলে বুঝতে হবে, বর্তমান ময়শ্চারাইজার আপনার ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা দিতে পারছে না।
ময়শ্চারাইজার মাখার কয়েক ঘণ্টার মধ্যে মুখ অতিরিক্ত তেলতেলে হয়ে গেলে এবং উজ্জ্বলতার বদলে কালচে বা চটচটে দেখালে বুঝতে হবে, পণ্যটি আপনার ত্বকের জন্য প্রয়োজনের চেয়ে ভারী। সে ক্ষেত্রে জেল-বেসড বা লাইট-ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করা ভালো।
নতুন কোনো ময়শ্চারাইজার ব্যবহারের পর ত্বকে হঠাৎ করে ব্রণ, হোয়াইট হেডস দেখা দিলে বুঝতে হবে, এটি আপনার ত্বকের রোমকূপ বা পোরস বন্ধ করে দিচ্ছে। এমন হলে নন-কমেডোজেনিক লেবেলযুক্ত ময়শ্চারাইজার বেছে নিতে হবে।
ময়শ্চারাইজার ব্যবহারের কিছুক্ষণ পর যদি ত্বক লাল হয়ে যায়, চুলকায় কিংবা অস্বস্তি বা জ্বালাপোড়া শুরু হয়, তবে এটি অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণ। এই লক্ষণ দেখা দিলে পণ্যটি ব্যবহার বন্ধ করে সুগন্ধিমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী ময়শ্চারাইজার বেছে নিন।
সূত্র: সাউদার্ন লিভিং ও অন্যান্য