হোম > জীবনধারা > ফিচার

বটতলায় নবান্ন উৎসব

আব্দুর রাজ্জাক, ঘিওর

অগ্রহায়ণের প্রথম দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজন করা হয় নবান্ন উৎসবের। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরাও এতে অংশ নেন। ছবি: লেখক

‘ও ধান ভানিরে, ঢেঁকিতে পাড় দিয়া,/ ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া’—জনপ্রিয় এই লোকগীতির সুরে যেন জীবন্ত হয়ে উঠল বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য। হেমন্তের সোনালি সকালে মাঠজুড়ে পাকা ধানের সমারোহ। কাস্তে হাতে ধান কাটছেন কৃষক। তাঁদের সঙ্গে মাঠে নেমেছেন দেশ-বিদেশ থেকে আসা অতিথিরাও। কোথাও চলছে ধানমাড়াই, কোথাও ঢেঁকিতে চাল ভানার ছন্দে কিষানিদের কণ্ঠে গান। নতুন চালের পিঠা-পায়েস, বাউলগান আর গ্রামীণ খেলাধুলায় মুখর উৎসব প্রাঙ্গণ। মাটি, মানুষ ও শিকড়ের টানে একাকার হয়েছেন বিভিন্ন বয়স এবং পেশার শত শত মানুষ।

আজ সোমবার অগ্রহায়ণের প্রথম দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজন করা হয় নবান্ন উৎসবের। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরাও এতে অংশ নেন। গ্রামীণ ঐতিহ্য ও কৃষিজীবনের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর এই আয়োজনে মানুষের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের সুইচ ফার্মাসিজন, ভারতের সীতা দত্ত ও অজয় বড়াল এবং ইন্দোনেশিয়ার কৃষি উদ্যোক্তা পেতোনি-আগুস সালিম। এ ছাড়া উপস্থিত ছিলেন আমিনা আনসারী, রূপ শিখা বানু, হেলাল হেদায়েত ইসলাম, রাজিব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। ছবি: লেখক

শুধু অতিথিরাই নন, শিকড়ের টানে উৎসবে ছুটে আসেন কাউটিয়া, জাবরা, বানিয়াজুরী, বালিয়াখোড়া, আশাপুর, সিংজুরী, পেঁচারকান্দা, বাষ্টিয়াসহ আশপাশের অন্তত ২০ গ্রামের কিষান-কিষানিরা।

ধান কাটা ও মাড়াই শেষে নতুন ধান নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে ধান ভানা হয়। গানের তালে তালে নাচেও অংশ নেন নারীরা। নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় মুঠো পিঠা, সেমাই পিঠা ও পায়েস। কলাপাতায় পরিবেশন করা হয় নবান্নের নানা পদ। উৎসব প্রাঙ্গণে বসে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ির মেলা। কাগজের ফুলে সাজানো হয় পুরো আয়োজনস্থল। ছিল শস্য প্রদর্শনী, আলোচনা, রম্য কৌতুক ও বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার আয়োজন। মধ্যাহ্নভোজেও তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের বৈচিত্র্য।

দুপুরে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। ছবি: লেখক

নবান্নের মূল আয়োজন হয় প্রাকৃতিক কৃষি খামারে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনার জন্য বেছে নেওয়া হয় একই গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটতলা। সেখানে টাঙ্গাইলের কৃষক ও গীতিকবি আক্কাছ আলী, বাউলশিল্পী আসলাম উদ্দিন বাচ্চু, মো. সাজাহান, সোনাজুদ্দিন ও খোরশেদ বয়াতি গান পরিবেশন করেন। ধান ভানার গান পরিবেশন করেন ডালিয়া আক্তার, মল্লিকা ইয়াসমিন, প্রীজ বেরোজ লিজা, শুকুরজান ও স্থানীয় প্রবীণ কিষানিরা।

সন্ধ্যার পর বটতলায় বসে গাজীর গানের আসর। গান পরিবেশন করেন বয়াতি আওলাত গায়েন। পরে ফসলের গান ও ভাব-বৈঠকি গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের বাউলিয়ানা ফকির সাহেব ও লেনছু বয়াতি। লোকগানের সুরে মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা।

নবান্ন উৎসবে ছিল গ্রামীণ সংস্কৃতির পরিবেশনা। ছবি: লেখক

উৎসবে অংশ নেওয়া স্থানীয় কৃষক কালাচাঁদ বলেন, কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। তাঁর মতো এলাকার কিষান-কিষানিদের মধ্যেও নবান্নের আনন্দ ছড়িয়ে পড়েছে।

কৃষক ও গবেষক হাসান মাহদী বলেন, বাংলার জীবনঘনিষ্ঠ এসব ঐতিহ্য যুগ যুগ ধরে এই অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে পরিচিত করে তোলা হচ্ছে।

আলোচনা পর্বে বক্তব্য দেন প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী, প্রকৃতি গবেষক ওমর ফারুক, নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সচিব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কুমিল্লার আইনজীবী বিলকিস আক্তার এবং নারী উদ্যোক্তা ডালিয়া আক্তার।

সভাপতির বক্তব্যে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, সাধারণত অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার সময় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এবার অষ্টমবারের মতো এই আয়োজন করা হয়েছে। কৃষকের পবিত্র শ্রমে শুধু ফসলই উৎপন্ন হয় না, এর মধ্য দিয়ে গড়ে ওঠে সংস্কৃতি ও ঐতিহ্যের উদার আবাহন। নতুন প্রজন্মের কাছে নবান্নের রং ও কৃষকের পরিশ্রমের গল্প পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গ্রামে গ্রামে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন করা প্রয়োজন।

সন্ধ্যা গড়িয়ে রাত নামে। হালকা কুয়াশায় ঢেকে আসে চারপাশ। প্রায় দুই শ বছরের পুরোনো বটতলায় তখনো ভেসে বেড়ায় গাজীর গান আর ভাব-বৈঠকি সুর। দিনের আলোয় যে মাঠে কৃষকেরা কাস্তে হাতে ধান কেটেছিলেন, সেই মাঠেই ধীরে ধীরে নামে হেমন্তের নীরবতা। শেষ হয় উৎসব, কিন্তু শেষ হয় না আনন্দের রেশ। ঘরে ফেরেন মানুষ, সঙ্গে নিয়ে যান নতুন ধানের ঘ্রাণ, মাটির কাছাকাছি থাকার তৃপ্তি আর একসঙ্গে উৎসব করার স্মৃতি।

নবান্ন শুধু নতুন ধানের প্রথম অন্ন নয়, এটি কৃষকের ঘাম, মাটির মমতা, কিষানির গান আর বাঙালির শিকড়ের সঙ্গে বেঁচে থাকার এক চিরন্তন বন্ধন। প্রজন্ম থেকে প্রজন্মে এই বন্ধনই বাঁচিয়ে রাখুক বাংলার মাঠ, মানুষের গান আর নবান্নের উৎসব।