হোম > জীবনধারা > ফিচার

ঘরের মেঝে পরিষ্কারের সহজ ৫ উপায়

ফিচার ডেস্ক, ঢাকা 

হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব অল্প পরিশ্রমেই ঘরের মেঝে ঝকঝকে করে তোলা সম্ভব। ছবি: পেক্সেলস

দরজায় কড়া নাড়ছে ঈদ। এই আনন্দ পূর্ণতা পায় তখন, যখন ঘরদোর থাকে পরিপাটি ও পরিচ্ছন্ন। কিন্তু ব্যস্ত সময়ে মেঝের দাগ বা কালচে ভাব দূর করা বেশ ঝক্কির কাজ বলে মনে হতে পারে। রোজ ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে মোছার পরও অনেক সময় ঘরের মেঝে পরিচ্ছন্ন দেখায় না। কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব অল্প পরিশ্রমেই ঘরের মেঝে ঝকঝকে করে তোলা সম্ভব।

টাইলসের জন্য ভিনেগার ও পানির মিশ্রণ

টাইলসের মেঝেতে অনেক সময় পানির দাগ বা ছোপ ছোপ কালচে দাগ পড়ে যায়। এটি দূর করতে সাদা ভিনেগার খুবই কার্যকর। এ জন্য এক বালতি কুসুম গরম পানিতে আধা কাপ সাদা ভিনেগার নিন। এই মিশ্রণ দিয়ে ঘর মুছলে টাইলসের চটচটে ভাব দূর হয় এবং চকচকে ভাব আসে। ভিনেগার প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবেও কাজ করে, যা ঘর রাখে নিরাপদ।

কড়া দাগ সরাতে বেকিং সোডা

রান্নাঘরের মেঝের কোণে বা ডাইনিং টেবিলের নিচে অনেক সময় তেলের আঠালো দাগ পড়ে যায়, যা সাধারণ সাবান পানি দিয়ে ওঠে না। এ ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করুন। দাগের ওপর সামান্য বেকিং সোডা ছড়িয়ে দিয়ে অল্প পানি দিয়ে পেস্টের মতো তৈরি করুন। ১০ থেকে ১৫ মিনিট পর একটা পুরোনো টুথপেস্ট দিয়ে ঘষলেই দেখবেন দাগ উঠে যাবে।

মার্বেল মেঝের জন্য লেবুর রস ও লবণ

যাঁদের ঘরের মেঝে মার্বেলের, তাঁরা অনেক সময় মেঝে হলুদ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। মার্বেল মেঝের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে লেবুর রস ও লবণের মিশ্রণ খুবই কার্যকর। লেবুর অ্যাসিডিক গুণ ময়লা কাটাতে সাহায্য করে আর লবণ স্ক্রাবার হিসেবে কাজ করে। তবে মনে রাখবেন, মিশ্রণটি ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালো করে মেঝে মুছে নিতে হবে। কারণ লেবুর অ্যাসিড দীর্ঘক্ষণ থাকলে মেঝের ক্ষতি হতে পারে।

সুগন্ধির জন্য তরল ডিশ সোপ ও এসেনশিয়াল অয়েল

ঈদের দিন পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে ঘর থেকে সুঘ্রাণ আসাটাও জরুরি। বালতির পানিতে কয়েক ফোঁটা তরল ডিশ ওয়াশিং সোপ এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা লেমন গ্রাস এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এটি মেঝে পরিষ্কার করার পাশাপাশি সারা ঘরে এক স্নিগ্ধ সুবাস ছড়িয়ে দেবে। যাঁরা ঘরে পোষা প্রাণী রাখেন, তাঁদের জন্য এ পদ্ধতিটি দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ করে।

পুরোনো সুতি কাপড় বা মাইক্রোফাইবার মপ ব্যবহার

পরিষ্কার করার পদ্ধতি যেমনই হোক, মোছার সরঞ্জামটি হওয়া চাই সঠিক। ঘর মোছার জন্য সব সময় পুরোনো সুতি কাপড় বা মাইক্রোফাইবার মপ ব্যবহার করার চেষ্টা করুন। মাইক্রোফাইবার মপ মেঝের সূক্ষ্ম ধুলাবালু শুষে নিতে পারে এবং মেঝেতে কোনো দাগ বা রেখা ফেলে না। ঘর মোছার পর জানলাগুলো খুলে দিন, যাতে দ্রুত বাতাস চলাচলের মাধ্যমে মেঝে শুকিয়ে যায়। ভেজা মেঝেতে পা দিলে পুনরায় দাগ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কিছু বাড়তি সতর্কতা

  • মেঝের উজ্জ্বলতা বজায় রাখতে মেঝে মোছার আগে অবশ্যই খুব ভালো করে ঝাড়ু দিয়ে সব ধুলাবালু ও ময়লা পরিষ্কার করে নিন।
  • যেকোনো নতুন মিশ্রণ পুরো মেঝেতে ব্যবহারের আগে এক কোণে সামান্য ব্যবহার করে পরীক্ষা করে নিন।
  • অতিরিক্ত রাসায়নিকযুক্ত ফ্লোর ক্লিনার এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলো দীর্ঘ মেয়াদে মেঝের রং নষ্ট করে দেয়।
  • কাঠের বা ল্যামিনেট মেঝের স্থায়িত্ব বজায় রাখতে অতিরিক্ত পানি ব্যবহার না করে হালকা ভেজা কাপড় দিয়ে মেঝে মুছে নিন।
  • পরিষ্কার করার সময় ভিনেগারের সঙ্গে ভুলেও ব্লিচ মেশাবেন না। তাতে মারাত্মক বিষাক্ত গ্যাস সৃষ্টি হতে পারে। এ গ্যাস শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

সূত্র: গুড হাউস কিপিং, রিয়েল সিম্পল, দ্য স্প্রাউস

জার্সির ডিজাইন ও টাইপোগ্রাফিতে ছিল ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

সম্পর্কের ৩-৩-৩ নীতি বিয়ের সিদ্ধান্ত নিতে কীভাবে কাজ করে, জেনে নিন

ধনেপাতা সতেজ রাখার ঘরোয়া উপায়

জানুন স্টক ও ব্রথের আসল তফাত

বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর শরীর চাঙা করতে ভেষজ চা

আমেরিকায় হারিয়ে যাওয়া ‘গুপ্ত’ সুইডিশ উপনিবেশ

আর্লিং হালান্ড: নরওয়েজিয়ান রোবটের ‘আদিম’ খাদ্যাভ্যাস আর পাগলামির গল্প

সাম্বার তালে ব্রাজিল দুলবে কি আজ

মরোক্কান হাম্মাম স্পা কী? ত্বকের সৌন্দর্য বাড়াতে বাড়িতে যেভাবে এই স্পা করা হয়

৯১ বছর বয়সে মাকায়ার ১৮তম বিশ্বকাপ মিশন