ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশের বোটুবারানি। গ্রামটি একসময় শুধু একটি সাধারণ ও অবহেলিত মৎস্যজীবী গ্রাম ছিল। সেখানে মাছ ধরা ছাড়া জীবিকার আর কোনো উপায় ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানের মানুষের ভাগ্যের চাকা ঘুরে গেছে সম্পূর্ণ ভিন্ন এক জাদুকরি উপায়ে। আর এই রূপান্তরের নেপথ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মাছ বিশালকায় তিমি হাঙর বা ‘হুইল শার্ক’। ঘটনার শুরু ২০১৬ সালে। সে সময় একদল তিমি হাঙরের একসঙ্গে সমুদ্রের নীল জলে সাঁতার কাটার কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখান থেকে বিশ্বজুড়ে রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নজর কাড়ে বোটুবারানি সৈকত।
এই গ্রামেরই একজন বাসিন্দা আনসার লাসিমপালা। একসময় মাছ ধরে যা আয় করতেন, তাতে সংসার চালানোই দায় ছিল। এখন তিনি পর্যটকদের নিয়ে কাচের তৈরি নৌকায় করে সমুদ্রের গভীরে তিমি হাঙর দেখানোর কাজ করেন। মাছ ধরার কষ্টের জীবন ছেড়ে এখন তাঁর কাজ অনেক স্বস্তিদায়ক। আগে মাছ ধরে যেখানে তাঁর মাসিক আয় হতো মাত্র ৪ লাখ রুপি। বর্তমানে বোট ভাড়া দেওয়া, ডাইভিং সেবা এবং ড্রোন পরিচালনার মাধ্যমে তিনি প্রতি মাসে আয় করছেন প্রায় ৩০ লাখ রুপি (প্রায় ১৬৭ ডলার)! আনসারের মতো গ্রামের প্রায় ৮০ জন মানুষ এখন এই পর্যটন বুমের সুফল ভোগ করছেন।
স্থানীয় পর্যটন নেতা ওয়াহাব মাতোকা জানান, এই সৈকতে তিমি হাঙরগুলো দশকের পর দশক ধরে আসছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমেই মূলত বিশ্ববাসী এদের কথা জানতে পারে। পর্যটকেরা ভালোবেসে এই হাঙরগুলোকে ‘সার্লি’ নামে ডাকে। এটি মূলত ইন্দোনেশীয় শব্দ ‘সেরিং থির্লিয়াত’ বা ‘প্রায়ই দৃশ্যমান’ কথার সংক্ষিপ্ত রূপ। মৎস্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের প্রধান সুকিরমান তিলাহুঙ্গা জানান, বোটুবারানি এলাকাটি তিমি হাঙরগুলোর জীবনের পুরো চক্রেই একটি দারুণ খাদ্যের উৎস বা ফিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করে। এখানকার আসা এই হাঙরগুলো সাধারণত ৩০ বছরের কম বয়সী এবং লম্বায় ৪ থেকে ৬ মিটার (১৩ থেকে ২০ ফুট) পর্যন্ত হয়। তবে এরা লম্বায় ১৮ মিটার পর্যন্ত বাড়তে পারে এবং এদের আয়ু প্রায় ১০০ বছর পর্যন্ত। এদের শরীরের গাঢ় বা নীল-ধূসর ত্বকে থাকে এক অনন্য নকশা।
তবে এত সব আনন্দের মাঝেও প্রকৃতিপ্রেমী ও পরিবেশবাদীদের মনে উঁকি দিচ্ছে গভীর শঙ্কা। পরিবেশবাদী সংগঠন ‘কনভারসাসি ইন্দোনেশিয়া’র তথ্য অনুযায়ী, দ্বীপমালার পূর্ব অঞ্চলজুড়ে এই endangered বা বিপন্ন প্রজাতির তিমি হাঙরের সংখ্যা আনুমানিক মাত্র ৬৯৯টি। তাদের মতে, পর্যটকদের আকর্ষণ করার জন্য নিয়মিত তিমি হাঙরগুলোকে খাবার (যেমন চিংড়ি) দেওয়ার ফলে হাঙরের স্বাভাবিক আচরণ মারাত্মকভাবে ব্যাহত এবং এদের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। সংগঠনের প্রতিনিধি ইকবাল হারওয়াতা পুত্রা তাই সতর্ক করে বলেছেন, মানুষ ও বন্য প্রাণীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ আরোপ করা জরুরি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্তৃপক্ষও হাত গুটিয়ে বসে নেই। তিমি হাঙরদের কৃত্রিমভাবে খাবার দেওয়ার প্রবণতা কমাতে সুকিরমান তিলাহুঙ্গা তৈরি করেছেন একটি সৌরচালিত সামুদ্রিক অ্যাট্রাক্টর। এই যন্ত্র আলোর সাহায্যে প্রাকসিকভাবে প্ল্যাঙ্কটন এবং ছোট মাছ আকর্ষণ করে, যা তিমি হাঙরগুলোর প্রাকৃতিক খাদ্য। পরিবেশ নিয়ে যতই উদ্বেগ থাকুক না কেন, আনসারের মতো সাধারণ গ্রামবাসীর কাছে বড় সত্য হলো, এই প্রাণীগুলোর উপস্থিতি তাঁদের বেঁচে থাকার অবলম্বন। জীবিকার তাগিদে তাঁরা চান এই বিশাল জলজ অতিথিরা এভাবেই বারবার ফিরে আসুক বোটুবারানির উপকূলে।
গ্রামটির আশপাশের এলাকায় তিমি হাঙর দেখার পাশাপাশি ভ্রমণপিয়াসিদের জন্য আরও বেশ কিছু চমৎকার ও দর্শনীয় স্থান রয়েছে।
ওলেলে মেরিন পার্ক: বোটুবারানির খুব কাছেই অবস্থিত এই সামুদ্রিক উদ্যান ডাইভিং ও স্নরকেলিংপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এখানকার পানির নিচে রয়েছে বিখ্যাত ‘সালভাদর দালি কোরাল’। এগুলো দেখতে অতি দুর্লভ এবং অনন্য।
ওতানাহা দুর্গ: পঞ্চদশ শতাব্দীতে নির্মিত এই ঐতিহাসিক দুর্গ লিম্বোতো হ্রদের পাশের একটি পাহাড়ে অবস্থিত। এখান থেকে পুরো গোরোন্তালো শহর ও হ্রদের চমৎকার প্যানোরামিক ভিউ পাওয়া যায়।
লিম্বোতো হ্রদ: সুন্দর এই হ্রদের চারপাশে ঘুরে বেড়ানো, স্থানীয় সংস্কৃতি উপভোগ করা এবং বিশেষ করে গোধূলি লগ্নে বা সূর্যাস্তের সময় এখানকার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে।
তোরোসিজে বাজো গ্রাম: এটি সমুদ্রের ওপর খুঁটি গেড়ে তৈরি একটি অনন্য ভাসমান গ্রাম, যেখানে ‘বাজো’ সম্প্রদায়ের মানুষের পানির ওপরের ঐতিহ্যবাহী জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়।
সূত্র: রয়টার্স, কায়রো নিউজ