হোম > জীবনধারা > জেনে নিন

এই সময় পাতে কেন শসা রাখবেন, জেনে নিন কারণ

ফিচার ডেস্ক, ঢাকা 

যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা একটি আদর্শ খাবার। ছবি: পেক্সেলস

শসা ফল হলেও সবজি হিসেবে বেশি পরিচিত। এটি পুষ্টিগুণে ভরপুর এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন জটিলতা প্রতিরোধে সাহায্য করে। রমজান মাসে যখন দীর্ঘ সময় পানাহারে বিরত থাকতে হয়, তখন শসা খাওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। এতে পানির পরিমাণ এবং এর খাস্তা ভাব ফলের চেয়ে বেশি কার্যকরী।

পুষ্টিগুণ

শসায় ক্যালরি খুব কম কিন্তু প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল অনেক বেশি। প্রায় ৩০০ গ্রাম আকৃতির খোসাসহ শসায় থাকে ৪৫ ক্যালরি, ১১ গ্রাম কার্বস এবং দেড় গ্রাম আঁশ। ভিটামিন সি এর দৈনিক চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ শসা থেকে আসে।

এ ছাড়া শসায় ভিটামিন কে প্রচুর থাকে। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, শসা সব সময় খোসাসহ খাওয়া উচিত। কারণ, খোসা ছিলে ফেললে এর আঁশ এবং অনেক পুষ্টি উপাদান কমে যায়।

শসায় ৯৬ শতাংশ পানি থাকে বলে ইফতারে শসা খেলে তা দিনের পানিশূন্যতা পূরণে জাদুর মতো কাজ করে। ছবি: পেক্সেলস

পানিশূন্যতা রোধ

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বর্জ্য নিষ্কাশনের জন্য পানি অপরিহার্য। আমরা পানি পানের মাধ্যমে এই চাহিদা পূরণ করি। তবে আমাদের শরীরের প্রয়োজনীয় পানির প্রায় ৪০ শতাংশ খাবার থেকে আসতে পারে। শসায় ৯৬ শতাংশ পানি থাকে, যা দীর্ঘ সময় শরীর সজল রাখতে দারুণ কার্যকর; বিশেষ করে ইফতারে শসা খেলে তা দিনের পানিশূন্যতা পূরণে জাদুর মতো কাজ করে।

ওজন কমাতে সাহায্য করে

যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা একটি আদর্শ খাবার। এক কাপ শসায় মাত্র ১৬ ক্যালরি থাকে। এর উচ্চ পানি এবং কম ক্যালরি উপাদান ওজন কমাতে ভূমিকা রাখে। এ ছাড়া ইফতারে বেশির ভাগ ভাজাপোড়াজাতীয় খাবার থাকে। ফলে রমজানের পর ওজন বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তাই এই সময় ভারসাম্য বজায় রাখতে শসা খাওয়া উচিত।

শসা ও খেজুরের সংমিশ্রণ হতে পারে ইফতার বা সেহরির জন্য আদর্শ খাবার। ছবি: পেক্সেলস

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

কিছু গবেষণায় দেখা গেছে, শসা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে এবং ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে ভূমিকা রাখে।

হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

পানিশূন্যতা কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ। রোজায় খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। শসায় পানি এবং পানিতে দ্রবণীয় আঁশ থাকে, যা অন্ত্রের পেশি সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া সহজ করে। রমজানে এমনিতেই পানি পান কম হয়। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত সুবিধামতো সময় অনুযায়ী শসা খাওয়া যেতে পারে।

খেতে পারেন শসা ও খেজুর

ইসলামি ঐতিহ্য এবং আধুনিক পুষ্টিবিজ্ঞান—উভয় মতেই শসা ও খেজুরের সংমিশ্রণ হতে পারে ইফতার বা সেহরির জন্য আদর্শ খাবার। খেজুরের প্রকৃতি হলো গরম ও শুষ্ক আর শসার প্রকৃতি শীতল ও আর্দ্র। এই দুইয়ের সংমিশ্রণ একটির পার্শ্বপ্রতিক্রিয়া অন্যটির মাধ্যমে প্রশমিত করে এবং শরীরে পুষ্টির ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ খেজুরের উত্তাপ শসার শীতলতা দিয়ে প্রশমিত হয়। খেজুর প্রাকৃতিক শর্করা ও ক্যালরিতে ভরপুর, যা ইফতারের পরপরই শরীরে শক্তি জোগায়। অন্যদিকে শসা পাকস্থলী শীতল রাখে। খেজুরের অতিরিক্ত মিষ্টি ভাব শসার পানসে স্বাদের সঙ্গে মিশে একটি চমৎকার এবং স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি করে।

শসা খাওয়ায় সতর্কতা

  • শসা অত্যন্ত পুষ্টিকর ও উপকারী খাবার হলেও কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় এটি এড়িয়ে চলা বা সতর্কতার সঙ্গে খাওয়া উচিত।
  • যাঁদের হজমে সমস্যা বা আইবিএসের মতো পেটের রোগ আছে, তাঁদের ক্ষেত্রে শসা গ্যাস বা বদহজমের কারণ হতে পারে। এমন সমস্যায় অল্প পরিমাণে খেয়ে দেখা উচিত, এটি আপনার শরীরে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কি না।
  • যাঁরা রক্ত পাতলা করার ওষুধ সেবন করছেন, তাঁদের অতিরিক্ত শসা খাওয়া থেকে বিরত থাকা উচিত। শসায় থাকা প্রচুর ভিটামিন কে রক্ত পাতলা করার ওষুধের কার্যকারিতায় বাধা দিতে পারে। এই ধরনের রোগীদের প্রতিদিন ভিটামিন কে গ্রহণের পরিমাণ স্থিতিশীল রাখা জরুরি।
  • যাঁদের হেই ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাঁদের ক্ষেত্রে শসা খেলে ওরাল অ্যালার্জি সিনড্রোম দেখা দিতে পারে। অনেক সময় শসার প্রোটিন এবং ফুলের রেণু বা পরাগরেণুর প্রোটিন একই রকম হওয়ায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বিভ্রান্ত হয়ে পড়ে এবং অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করে।

সূত্র: হেলথ লাইন, শিকাগো ম্যাগাজিন, মিডিয়াম, ভেরি ওয়েল হেলথ

রোজা রেখে কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকবেন যেভাবে

ইফতারের পর গাজরের জুস কেন পান করবেন

ত্বক সতেজ রাখতে রমজানজুড়ে যা খাবেন

আজকের রাশিফল: বানান ভুলে ইমেজ সংকটের শঙ্কা, যত্রতত্র জ্ঞান ঝাড়বেন না

আজকের রাশিফল: বাইরের অশান্তি বাড়িতে আনবেন না, রাগ ও লোভ সামলান

বয়স বাড়লে ঘুম কমে যায় কেন

আজকের রাশিফল: আপনার আলস্যের কাছে শত্রুদের ফন্দি ফেল, ক্রাশের মনোযোগ পেতে সুগন্ধি মাখুন

তাঁবু সাজিয়েই রমজানের আমেজ এনেছে গাজাবাসী

রমজান মাসজুড়ে আটা, ময়দা ও বেসন সংরক্ষণ করবেন যেভাবে

আজকের রাশিফল: অসম্ভবকে আজ সম্ভব করবেন, ‘না’ বলতে শিখুন