হোম > জীবনধারা > জেনে নিন

ঈদে সালোয়ার কামিজ কেনার আগে জেনে নিন

ফারিয়া রহমান খান 

ছবি সৌজন্য: আর্টেমিস

বাঙালি নারীর আরামদায়ক ও স্বচ্ছন্দময় পোশাকের কথা বললে সালোয়ার-কামিজের নাম আসে সবার আগে। উৎসবের জমকালো আয়োজন হোক কিংবা প্রতিদিনের ব্যবহারে—সালোয়ার-কামিজ সব বয়সের নারীর কাছে সমাদৃত। এখন বাজারে পোশাকের নকশা ও কাপড়ে এত বেশি বৈচিত্র্য যে সঠিকটি বেছে নেওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। আপনার কেনাকাটা সহজ করতে এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক খুঁজে পেতে আজকের এই আয়োজন।

উপযুক্ত কাপড় ও নকশা নির্বাচন

ফ্যাশন উদ্য়োগ আর্টেমিসের স্বত্বাধিকারী ও ডিজাইনার ফায়জা আহমেদ রাফা বলেন, ‘সালোয়ার-কামিজ কেনার ক্ষেত্রে আবহাওয়া এবং উপলক্ষ অনুযায়ী কাপড় বেছে নিতে হবে। যেহেতু এখন খানিকটা গরম পড়ে গেছে, তাই আরামের জন্য সুতির কোনো বিকল্প নেই। ঈদে ক্যাজুয়াল আড্ডা বা ঘরোয়া আয়োজনে সুতি কামিজ আপনাকে স্নিগ্ধ রাখবে।’

জর্জেট ও শিফন কাপড়গুলোও পাতলা ও হালকা হয়। গর্জিয়াস এমব্রয়ডারি কিংবা পাথরের কাজের জন্য জর্জেট সেরা। রাফা বলেন, সন্ধ্যাকালীন আয়োজনের জন্য এটি চমৎকার।

এ ছাড়া ঈদে সিল্ক ও বেনারসির সালোয়ার-কামিজ কয়েক ঘণ্টার জন্য পরা যেতেই পারে। এর উজ্জ্বলতা আপনাকে আভিজাত্য এনে দেবে। যাঁরা একটু ভিন্নধর্মী এবং মার্জিত লুক পছন্দ করেন, তাঁরা সব ঋতুতে ব্যবহারের জন্য সিল্কের সালোয়ার-কামিজ বেছে নিতে পারেন।

ছবি সৌজন্য: আর্টেমিস

নকশা ও কারুকাজ

পোশাকের সৌন্দর্য বেশির ভাগ নির্ভর করে এর অলংকরণের ওপর। বর্তমানে রেশম সুতার কাজ, মিরর ওয়ার্ক ও চুমকির কাজ জনপ্রিয়। যদি কোনো মেহেদি কিংবা হলুদের অনুষ্ঠান হয়, তাহলে রাজস্থানি ‘গোটা পট্টি’র কাজ করা কামিজ বেছে নেওয়া যেতে পারে। অন্যদিকে সাধারণ প্রিন্টেড কামিজের ক্ষেত্রে বাটিক, টাই-ডাই বা ব্লক প্রিন্ট সব সময় ট্রেন্ডি।

শরীরের গড়ন অনুযায়ী স্টাইল

ফায়জা আহমেদ রাফা জানান, শারীরিক গঠন বুঝে পোশাক নির্বাচন করলে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় দেখাবে। যেমন—

  • পিয়ার শেপ: পাতিয়ালা সালোয়ার বা আনারকলি পরলে দেহের গঠনে ভারসাম্য আসবে এই আকৃতির মানুষের জন্য।
  • অ্যাপল শেপ: এই আকৃতির মানুষের জন্য এ-লাইন কামিজ বা চুড়িদার উপযুক্ত; খুব বেশি কুঁচি এড়িয়ে চলাই ভালো।
  • আওয়ার গ্লাস: প্যান্ট কাট বা স্ট্রেট কাট স্টাইলে এই গড়নের নারীদের বেশি সাবলীল দেখাবে।

সালোয়ার এবং ওড়নার বৈচিত্র্য

কামিজের সঙ্গে মানানসই সালোয়ার পুরো লুক বদলে দিতে পারে। বর্তমান সময়ে প্যান্ট স্টাইল সালোয়ার এবং পালাজো আধুনিক নারীর প্রথম পছন্দ। এ ছাড়া চিরায়ত চুড়িদার তো রয়েছেই। পোশাকের পূর্ণতা আসে ওড়নায়। এক কাঁধে ওড়না রাখা বা দুই কাঁধ দিয়ে পেঁচিয়ে পরার ধরনেও আনা যায় ভিন্নতার ছোঁয়া।

যত্ন ও রক্ষণাবেক্ষণ

দামি সালোয়ার-কামিজ দীর্ঘস্থায়ী করার জন্য সঠিক যত্ন চাই। সুতির পোশাক ঘরে ধোয়া গেলেও সিল্ক, কাতান কিংবা ভারী কাজের কামিজ ড্রাই ক্লিন করা উচিত। কড়া রোদে কাপড় না শুকিয়ে ছায়ায় শুকিয়ে নেওয়া ভালো। তবে আলমারিতে রাখার সময় সুতির ব্যাগে ভরে নিলে কাপড়ের মান ও কাজ নষ্ট হয় না।

কেনাকাটার টিপস

অনলাইনে বা অফলাইনে কেনার সময় আগে একটি বাজেট নির্ধারণ করুন। পোশাকের ফিটিং যেন খুব বেশি ঢিলেঢালা বা আঁটসাঁট না হয়, সেদিকে খেয়াল রাখুন। উৎসবের কেনাকাটায় রঙের ক্ষেত্রে প্যাস্টেল শেড কিংবা উজ্জ্বল রঙের সমন্বয় বেছে নিতে পারেন।

ছবি সৌজন্য: আর্টেমিস

সালোয়ার-কামিজের উৎপত্তি মূলত দক্ষিণ ও মধ্য এশিয়ার পোশাক-সংস্কৃতি থেকে। মোগল আমলে এটি ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে। মোগল শাসনের সময় রাজকীয় দরবার ও অভিজাত সমাজে এই পোশাক জনপ্রিয় হয়। পরে সাধারণ মানুষের মধ্যেও তা ছড়িয়ে পড়ে। সালোয়ার-কামিজ এখন বাংলাদেশের নারীদের অন্যতম প্রধান পোশাক।

ফেলে আসা ভালোবাসা: দুবাইয়ের রাজপথে অসহায় পোষা প্রাণীরা

ব্যর্থ প্রেমের দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর দিন আজ

ঘরেই করে ফেলুন সুন্দর হেয়ারস্টাইল

সুখী হতে ঝুঁকি নিন: সুন্দর জীবনের নতুন মন্ত্র

আজকের রাশিফল: স্ত্রীর কথা শোনার ভান করুন, অর্থভাগ্য দারুণ

স্থবিরতা ভেঙে ক্যারিয়ারের জন্য ঝুঁকি নিন

ইফতার ও সেহরিতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন

রোজায় মসলা খান সাবধানে

সেহরির আগে টিভি চালিয়ে ঘুমাচ্ছেন? জানুন এর ইতিবাচক ও নেতিবাচক দিক

কেমনে বাঁধি চুল এই বসন্তে