হোম > জীবনধারা > জেনে নিন

নিখুঁত প্রোফাইলের নেশায় আমরা কি আধুনিক যুগের ‘ডোরিয়ান গ্রে’ হয়ে যাচ্ছি

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

২০২৬ সালে ডিজিটাল বাস্তবতার যুগে আমাদের প্রত্যেকের হাতেই একটি স্মার্টফোন রয়েছে। এই ফোনের সাহায্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত। সেগুলোয় আমরা যখন কোনো নিখুঁত ছবি বা নিজেদের সাফল্যের গল্প শেয়ার করি, তার পেছনে থাকা ক্লান্তি, বিষণ্নতা বা চোখের নিচের কালি খুব সুন্দর করে মুছে ফেলি। এই নিখুঁত হওয়ার ইঁদুরদৌড় আমাদের ঠেলে দিচ্ছে ‘ডোরিয়ান গ্রে ইফেক্ট’ নামক এক ভয়াবহ মনস্তাত্ত্বিক সংকটের দিকে। কী সেটা?

অস্কার ওয়াইল্ড ও ডোরিয়ান গ্রে

১৮৯০ সালে অস্কার ওয়াইল্ড তাঁর ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’ উপন্যাসে এক সুদর্শন যুবকের গল্প বলেছিলেন।  সেখানে ডোরিয়ান গ্রে নামের সেই যুবক কামনা করেছিলেন, যেন বার্ধক্য ও জীবনের সকল গ্লানি তাঁর শরীরের ওপর কোনো প্রভাব না ফেলে; বরং সেগুলো যেন জমা হয় তাঁর একটি তেলচিত্রে। অদ্ভুত ভাবে তাঁর সেই ইচ্ছে পূরণ হয়। ডোরিয়ান বাস্তবে চিরতরুণ রয়ে গেলেন। কিন্তু তাঁর লুকানো ছবিটি দিনে দিনে বীভৎস ও কুৎসিত হতে লাগল।

আধুনিক যুগে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আসলে ডোরিয়ান গ্রের মতোই, যেখানে বিভিন্ন ফিল্টার আর এডিটিংয়ের জাদুতে আমরা নিজেদের একটি নিখুঁত সংস্করণ প্রদর্শন করি। কিন্তু আমাদের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এই চির উজ্জ্বল প্রতিচ্ছবির আড়ালে আমাদের আসল শরীর ও মনে বার্ধক্য, ক্লান্তি আর ব্যর্থতার দাগ বাড়ছে, যা ডোরিয়ানের জরাজীর্ণ ছবির মতোই। শেষ পর্যন্ত নিজের বাস্তব সত্তাকে অস্বীকার করার এই নেশা আমাদের গভীর মানসিক অস্থিরতা আর আত্মপরিচয়ের সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিজিটাল ক্যানভাস ও মনস্তাত্ত্বিক ফাঁদ

সোশ্যাল মিডিয়া এখন একধরনের তীব্র মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ—

মেকি নিখুঁত জীবন দেখানোর প্রবণতা বেড়েছে: আমরা অনলাইনে আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলো এমনভাবে সাজাই, যা দেখে অন্যেরা হীনম্মন্যতায় ভোগে।

ফোমো বা হারানোর ভয়: অন্যের আনন্দদায়ক পোস্ট দেখে আমাদের মনে ভয় হয়, হয়তো জীবনের সেরা সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছি।

অনবরত তুলনা: ২৪ ঘণ্টা অন্যের সাজানো ডিজিটাল অস্তিত্বের সঙ্গে নিজের অগোছালো বাস্তব জীবনের তুলনা করতে গিয়ে আমরা বিষণ্নতায় ভুগছি।

ডোরিয়ান গ্রে ইফেক্ট ও মানসিক স্বাস্থ্য

মানুষ যখন দীর্ঘ সময় ধরে নিজের একটি পারফেক্ট ইমেজ বা ফিল্টার করা ছবি দেখে অভ্যস্ত হয়ে যায়, তখন সে আয়নায় নিজের চেহারার ছোটখাটো খুঁতগুলো আর সহ্য করতে পারে না।

ডিজিটাল মুখোশ: আমাদের অনলাইন প্রোফাইলগুলো চিরকাল সফল আর সুখী থাকলেও, পর্দার আড়ালে আমাদের মন হয়ে যাচ্ছে ডোরিয়ান গ্রের সেই সরিয়ে রাখা কুৎসিত তেলচিত্রের কথা।

লাইক ও কমেন্টের নেশা: একটি ছবির লাইক বা কমেন্ট এখন আমাদের আত্মমর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। এই ডোপামিন রাশ আমাদের নিজস্ব সত্তাকে ধ্বংস করে দিচ্ছে।

নিদ্রাহীনতা ও একাকিত্ব: স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে এবং সামাজিকভাবে আরও একা করে তুলছে।

পরিণতি ও উত্তরণের পথ

অস্কার ওয়াইল্ড আমাদের সতর্ক করেছিলেন, মানুষ তাঁর বাস্তব সত্তাকে অস্বীকার করে শুধু বাইরের প্রতিচ্ছবি নিয়ে মত্ত থাকলে তার ভেতরের সত্তাটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। এই সংকট থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন—

বাস্তবতা মেনে নেওয়া: জীবনের স্বাভাবিক ক্লান্তি, বার্ধক্য অথবা ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে মেনে নিতে শিখুন।

ডিজিটাল ডিটক্স: প্রতিদিন নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন এবং অফলাইনে মানুষের সঙ্গে সময় কাটান।

সচেতন ব্যবহার: সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে নেতিবাচক বোধ করলে নির্দিষ্ট অ্যাকাউন্ট আনফলো করুন এবং ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন।

ডিজিটাল ফিল্টারের আড়ালে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলাটাই আধুনিক যুগের অন্যতম বড় ট্র্যাজেডি। নিখুঁত হওয়ার চেয়ে ‘আসল’ হওয়া অনেক বেশি স্বস্তিদায়ক। ডোরিয়ান গ্রের মতো অভিশপ্ত সৌন্দর্যের পেছনে না ছুটে বাস্তব জীবনের খুঁতগুলো নিয়েই নিজেকে ভালোবাসতে শেখা বেশি জরুরি।

সূত্র: মিডিয়াম ও অন্যান্য

এআইয়ের যুগে সন্তান, সুযোগ নাকি বিপদ?

আজকের রাশিফল: মাছ ব্যবসায়ীদের দারুণ লাভের দিন, সঙ্গীর লিপস্টিকের রং না চিনলে বিপদ

সন্তান সবজি খেতে চায় না? খাওয়ানোর উপায় জেনে নিন

পরিবারে মতের অমিল হচ্ছে? নতুন করে বাঁচার উপায়গুলো জেনে নিন

আজকের রাশিফল: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে, যুক্তি দিয়ে প্রেম হয় না

আজকের রাশিফল: একাধিক গুপ্ত উৎস থেকে অর্থযোগ, আপনার পাণ্ডিত্য অন্যের বিরক্তির কারণ হবে

এই ঋতুতেও চুলের যত্নে অপরিহার্য তেল

আজকের রাশিফল: ‘সিঙ্গেল’ স্ট্যাটাস ঘুচবে, মারপিটের যোগ প্রবল

মেনোপজের ফলে ত্বক জৌলুশ হারাচ্ছে? যেভাবে ত্বকের দেখভাল করলে উপকার পাবেন

ডিজিটাল নেশা থেকে মুক্তি চান? জেনে নিন উত্তরণের পথ