হোম > জীবনধারা > যত্নআত্তি

গরমে বদল আনুন শিশুর জীবনযাপন ও যত্নে

ডা. নূরজাহান বেগম

ছবি: পেক্সেলস

একদিকে সূর্যের তেজ, অন্যদিকে পড়ার চাপ—দুটোই চলছে। গরমে সন্তানকে সুস্থ রাখতে বাড়তি যত্ন নিতে হবে। এই গরমে শিশুদের যেমন পরিচ্ছন্নতা মেনে চলার জন্য বোঝাতে হবে, তেমনি ডায়েট এবং দৈনন্দিন জীবনযাপনও করে তুলতে হবে আবহাওয়া উপযোগী।

জীবনযাপনের কারণে গরমে শিশুর যেসব সমস্যা হয়

ছাদে কিংবা মাঠে বেশিক্ষণ রোদে থাকলে অথবা খেলে বেড়ালে শিশুদের সানবার্ন ও র‍্যাশ, হিট স্ট্রোক, ডায়রিয়া ছাড়াও দেখা দিতে পারে জ্বর, সর্দি-কাশির মতো বিভিন্ন উপসর্গ। এর পাশাপাশি বাইরে দীর্ঘ সময় খেলতে গেলে কিংবা বাইরের খাবার খেলে হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা।

এখন কড়া রোদের সঙ্গে মুহূর্তে নেমে আসতে পারে ঝুম বৃষ্টি। তাপমাত্রার এই ঘন ঘন পরিবর্তনের ফলে জ্বর, সর্দি ইত্যাদি হওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে রোদ থেকে বাসায় ফিরে সরাসরি এসি ঘরে বসা, বারবার ঘরে-বাইরে করা, অসময়ে ঠান্ডা পানিতে গোসল করা, ঠান্ডা পানীয় পান করা ইত্যাদি নানা কারণে শরীরে তাপমাত্রার ওঠানামা হতে পারে। যেসব শিশুর ছোটবেলা থেকে ঠান্ডা লাগা অথবা অ্যাজমার সমস্যা রয়েছে, শরীরে তাপমাত্রা ঘন ঘন কমবেশি হওয়ার কারণে তাদের সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

দিনের বেলা সান প্রটেকশন ছাড়া সরাসরি সূর্যের আলোয় দীর্ঘক্ষণ থাকলে হতে পারে হিট র‍্যাশ, একজিমা ও সানবার্ন। শরীরে পানির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। ক্লান্ত লাগাসহ শরীরে পানির ঘাটতি থেকে হতে পারে ইউরিন ইনফেকশনও।

এই গরমে পানিবাহিত এবং খাদ্যবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এই বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। রাস্তার পাশে বিক্রি হওয়া শরবত, কুলফি বা কাটা ফল ইত্যাদি শিশুসহ কারও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ডায়রিয়া, টাইফয়েড বা অন্যান্য পেটের সমস্যার সাধারণ কারণ এগুলো। এ ছাড়া জন্ডিস, হেপাটাইটিস ‘এ’, আমাশয়ের মতো অসুখও শিশুদের হতে পারে বাড়ির বাইরের খাবার থেকে।

যেভাবে শিশুর দেখভাল করতে হবে

গরমে শিশুর দৈনন্দিন অভ্যাসে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি। তার সঙ্গে প্রয়োজন সুষম খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাপন। যে বিষয়গুলো মেনে চলতে হবে—

  • কড়া রোদে বাইরে বেরোতে ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহারের পাশাপাশি সানস্ক্রিনযুক্ত ময়শ্চারাইজার লাগিয়ে শিশুকে বাইরে পাঠান। শিশুর হিট র‍্যাশ হলে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা করুন।
  • শিশু যেন বারবার গরম থেকে ঠান্ডায় বা ঠান্ডা থেকে গরমে না যায়, সে বিষয়ে খেয়াল রাখুন। শীতাতপ নিয়ন্ত্রিত কোনো জায়গায় থাকার পর চট করে রোদে বেরোতে নিষেধ করুন। কিছুক্ষণ স্বাভাবিক তাপে রেখে বাইরে পাঠান। রোদ থেকে ফিরলেও কিছুক্ষণ ছায়ায় কিংবা স্বাভাবিক তাপে দাঁড়িয়ে থেকে তাকে এসিতে প্রবেশ করতে বলুন।
  • হালকা পোশাক পরান। খুব খোলামেলা পোশাক না পরিয়ে সুতির পাতলা পোশাক পরে বাইরে গেলে রোদের তাপও কম লাগবে।
  • শিশু অতিমাত্রায় ঘামলেও বারবার ট্যালকম পাউডার বা বেবি পাউডার ব্যবহার করা যাবে না।
  • বাইরে খেলার পর বাড়ি ফিরে শিশু যেন মুখ, হাত ও পা ভালোভাবে ধুয়ে ফেলে, সেদিকে নজর দিন। এতে নানা সংক্রমণের ঝুঁকি কমবে।
  • বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার না খাওয়ানো ভালো। বাইরে বেরোলে সঙ্গে বাড়ি থেকে পানির বোতল নিয়ে যাওয়ার অভ্যাস করুন।
  • শিশুর খাদ্যতালিকায় টাটকা ফল, সবজি এবং ঘরে তৈরি জুস রাখুন।
  • শিশুর পানি পানের পরিমাণে নজর দিন। ডিহাইড্রেশন এড়াতে শরীরে পর্যাপ্ত তরল পদার্থ থাকা জরুরি। দিনে চার-পাঁচ গ্লাস পানি পান করান।
  • খাবারে অতিরিক্ত লবণ ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন। এ ছাড়া প্রোটিনযুক্ত, হালকা, সহজে হজম হয়, তেমন খাবার খাওয়ান। মুরগির মাংস, বাদাম, মাছ, আঁশজাতীয় খাবার রাখুন খাদ্যতালিকায়।
  • সম্ভব হলে সকালে হালকা রোদে বা বিকেলের দিকে শিশুকে খালি পায়ে ঘাসের ওপর হাঁটান। এতে তাদের শরীর ও ত্বক ভালো থাকবে।

ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

উৎসবের আগে রান্নাঘর ডিপ ক্লিন করুন

বৃষ্টিতে ভেজা কাপড় ধোয়া ও শুকানোর সহজ উপায়

গ্রীষ্মের তাপ থেকে বাগানের গাছগুলোকে সুরক্ষিত রাখতে যা করবেন

জুতা ভালো রাখার উপায় জেনে নিন

টেবিল রানারের যত্নআত্তি

এ সময় শখের পাঞ্জাবির যত্নআত্তি

মজবুত চুলের জন্য নারকেল দুধের ১০টি হেয়ার প্যাক

এয়ার ফ্রায়ার পরিষ্কার রাখবেন যেভাবে

দীপিকা পাড়ুকোনের আড়ম্বরহীন ত্বকের যত্ন

এ বছর আধিপত্য হারাতে পারে কিচেন ক্যাবিনেটের যে তিন রং