ভ্রমণ গন্তব্যের স্থানীয় সংস্কৃতি, খাবারদাবার, আবহাওয়া এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখলে ঘুরতে গিয়ে আপনি সময় পাবেন বেশি। সেই সঙ্গে করতে পারবেন নতুন নতুন পরিকল্পনা।
বুঝেশুনে প্যাকিং করুন
আবহাওয়া অনুযায়ী পোশাক ও অন্যান্য জিনিসপত্র প্যাক করুন। অপ্রয়োজনীয় জিনিস সঙ্গে নেবেন না। তাতে ব্যাগের ওজন নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া প্রয়োজনীয় জিনিসগুলো সহজে খুঁজে পাওয়া যায় এবং চলাফেরা সহজ হয়।
ভ্রমণ করার আগে স্বাস্থ্য পরীক্ষা
ভ্রমণের আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা দেখে নিন। প্রয়োজন হলে টিকা নিয়ে নিন। একটি মেডিকেল কিট সঙ্গে রাখুন, প্রয়োজনের সময়ে এটি অনেক কাজে দেবে।
যাতায়াতের ব্যবস্থা জেনে নিন
গন্তব্যে পৌঁছানোর জন্য যথাযথ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করুন। স্থানীয় পরিবহনব্যবস্থা এবং তার ব্যয় সম্পর্কে ধারণা নিন, যাতে সহজভাবে চলাচল করতে পারেন।
প্রয়োজনীয় নথিপত্রের ফাইল সঙ্গে রাখুন
পাসপোর্ট, ভিসা, টিকিট কিংবা ভ্রমণ অনুমতির মতো গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে ভুলবেন না। হার্ড কপির পাশাপাশি সব কাগজপত্রের ছবি তুলে স্মার্টফোনে সংরক্ষণ করুন।
মুদ্রা ব্যবস্থাপনা
ভ্রমণে প্রয়োজনীয় টাকা এবং ক্রেডিট কার্ডের ব্যবস্থা করুন। বিদেশ ভ্রমণে স্থানীয় মুদ্রায় কিছু অর্থ সঙ্গে রাখুন।
খাবার সম্পর্কে জেনে রাখা ভালো
গন্তব্যের স্থানীয় খাবার ও সংস্কৃতির স্বাদ নিন। পাশাপাশি নিজের পছন্দের খাবারগুলো কোন জায়গায় পাওয়া যাবে, সে সম্পর্কে আগে থেকে জেনে রাখুন। এতে খাওয়াদাওয়া নিয়ে ঝামেলা কমবে।
সূত্র: ডেলিভার ব্যাক ও অন্যান্য