দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘জুনিয়র টেকনিশিয়ান’ (উৎপাদন) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ৬৮ জন প্রার্থী অংশ নেবেন।
গত ৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৫ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠানটির জুনিয়র টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এসব প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ৬৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনে (৭ম তলা) প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না।
লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন এবং এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে চেকিং বোর্ডে জমা দিতে হবে।