হোম > ইসলাম

ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা ও ধর্ষকের শাস্তি

কাউসার লাবীব

মানবসমাজে ধর্ষণ একটি জঘন্য, ঘৃণিত ও ভয়াবহ অপরাধ। ধর্ষণ যেভাবে নারীর শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তাকে বিপন্ন করে, তেমনি সমাজের শান্তিশৃঙ্খলা ও নৈতিক কাঠামো ভেঙে দেয়। ইসলাম, একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে এবং নারীর সম্মানহানি বা ইভটিজিংকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে।

ধর্ষণকে ইসলামে ব্যভিচারের (জিনা) চেয়েও ভয়ংকর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে ইসলাম ব্যক্তিগত আত্মশুদ্ধি থেকে শুরু করে সামাজিক প্রতিরোধ এবং অপরাধীর জন্য কঠোর শাস্তির সমন্বিত ব্যবস্থা দিয়েছে।

ইসলামে ব্যভিচার, বলপ্রয়োগ এবং সম্ভ্রম লুণ্ঠনের সমন্বয়ে গঠিত একটি মারাত্মক অপরাধ হলো ধর্ষণ। তাই ধর্ষকের শাস্তি অত্যন্ত কঠোর এবং তাতে কোনো প্রকার দয়া-মায়া প্রদর্শনের সুযোগ নেই।

ইসলামি শরিয়তে ধর্ষকের শাস্তি

ইসলামি শরিয়তে ধর্ষণের অপরাধে ধর্ষকের ওপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। সে অনুযায়ী, বিবাহিত ধর্ষকের শাস্তি প্রকাশ্যে রজম বা পাথর মেরে মৃত্যুদণ্ড। অবিবাহিত ধর্ষকের শাস্তি প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত।

আল্লাহ তাআলা বলেন, ‘ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে ১০০ করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়...।’ (সুরা নুর: ২)

ইমাম মালেক (রহ.)-সহ কিছু ফকিহ মনে করেন, সমাজে ধর্ষণ মহামারির আকার ধারণ করলে এটি কেবল ব্যভিচার নয়, এটি ‘মুহারাবা’ (পৃথিবীতে অনাচার সৃষ্টি, লুণ্ঠন ও নিরাপত্তা বিঘ্নিতকরণ) অপরাধ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে ধর্ষককে নিম্নলিখিত শাস্তির যেকোনো একটি দেওয়া যেতে পারে: হত্যা, শূলে চড়ানো, বিপরীত দিক থেকে হাত-পা কেটে দেওয়া অথবা দেশ থেকে নির্বাসিত করা। এই কঠোর শাস্তি সমাজ থেকে ধর্ষণ সমূলে নির্মূলের জন্য জরুরি।

ধর্ষিতার ক্ষেত্রে ইসলামের বিধান

ধর্ষণের শিকার নারী মজলুম বা নির্যাতিত হওয়ায় তার ওপর কোরআন-হাদিসে বর্ণিত কোনো শাস্তি কার্যকর হবে না। কারণ ইচ্ছার বিরুদ্ধে তার ওপর বল প্রয়োগ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ভুলবশত করা অপরাধ, ভুলে যাওয়া কাজ ও বলপ্রয়োগকৃত বিষয় ক্ষমা করে দিয়েছেন।’ (সুনানে ইবনে মাজাহ: ২০৪৫)

ধর্ষিতা যেন মানসিক বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে এসে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন—সে ব্যবস্থা সমাজ এবং রাষ্ট্র করে দিতে হবে।

সম্ভ্রম রক্ষায় প্রতিরোধের অধিকার

ধর্ষিত নারীকে সম্ভব হলে তা প্রতিরোধ করতে হবে। যদি প্রতিরোধ করতে গিয়ে ধর্ষককে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাতেও ইসলাম সায় দিয়েছে। এ ছাড়া প্রতিরোধ করতে গিয়ে ওই অবলা নারী যদি মারা যায়, তাহলে তিনি শহীদের মর্যাদা লাভ করবে। অর্থাৎ, সম্ভ্রম রক্ষা করতে গিয়ে কেউ নিহত হলে, সে শহীদ।

ধর্ষণ প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের করণীয়

নারীর মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম। সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা, নৈতিক শিক্ষাদান ও পরিবারের পরিচর্যা থেকে শুরু করে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা ও কঠোর শাস্তি পর্যন্ত সমন্বিত ব্যবস্থা অপরিহার্য। অপর দিকে ধর্ষিতাকে রক্ষা, সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা সমাজের কর্তব্য।

যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র মিলে ইসলামি নীতিমালা ও যথাযথ ন্যায়বিচার কার্যকর করে, প্রতিরোধমূলক চেষ্টা জোরদার হয় এবং অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে নারীর নিরাপত্তা ও মর্যাদা পুনর্মূল্যায়ন হবে। এ ঘৃণ্য সামাজিক ব্যাধি নির্মূল হবে চিরতরে।

মানুষের নামে কোরবানির পশুর নাম রাখা যাবে কি

প্রবাসে থেকে দেশে কোরবানি দেওয়ার আগে যা জানা জরুরি

কোরবানির পশু ওজনে মেপে কেনার কী বিধান

আজকের নামাজের সময়সূচি: ২০ মে ২০২৬

যে ৬ কারণে কোরবানি কবুল হয় না

রাগ নিয়ন্ত্রণে রাসুল (সা.)-এর ৪ পরামর্শ

ভাগে কোরবানি দেওয়ার আগে যা জানা জরুরি

কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে

আজকের নামাজের সময়সূচি: ১৯ মে ২০২৬

ঈদুল আজহার নতুন চাঁদ দেখে যে দোয়া পড়বেন