ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সপ্তম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর)। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে কাউন্সিল ও প্রতিষ্ঠাবার্ষিকী সভাটি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১০ জন লেখককে দেওয়া হবে লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬।
ফোরাম কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশ থেকে ফোরামের সদস্যরা এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন। কাউন্সিলে ইসলামি লেখক ফোরামের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবেন।
আগামীকাল বেলা ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬ পুরস্কার, মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকেরা উপস্থিত থাকবেন।
ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে সভাপতি কবি মুনীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক আমিন ইকবাল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সভাপতি মুনীরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সফল করতে সব সদস্যের উপস্থিতি কামনা করছি। আমাদের যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’
সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, সারা দেশ থেকে ফোরামের সদস্যরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হবে। এ ছাড়া লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা, মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত ও সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।