নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি বান্দার সঙ্গে মহান আল্লাহর গভীর সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। তাই নামাজ আদায়ের সময় মুসল্লির পোশাক-পরিচ্ছদ, পরিচ্ছন্নতা ও শালীনতার বিষয়েও ইসলাম বিশেষ গুরুত্বারোপ করেছে।
বর্তমান সময়ে দেশি-বিদেশি ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য খেলার জার্সি পরিধান করা তরুণদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। অনেকেই এসব জার্সি পরেই মসজিদে যান এবং নামাজ আদায় করেন। শরিয়তের দৃষ্টিতে এমন জার্সি পরে নামাজ আদায় করলে মৌলিকভাবে নামাজ শুদ্ধ হয়ে যায়, তবে এর বিস্তারিত বিধান নির্ভর করে জার্সির ধরন ও তাতে ব্যবহৃত চিত্রের ওপর।
জার্সিতে যদি কোনো প্রাণীর সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ ছবি থাকে, তাহলে তা পরিধান করে নামাজ আদায় করা যাবে না। এ অবস্থায় নামাজ আদায় হয়ে গেলেও তা মাকরুহে তাহরিমি (হারামের নিকটবর্তী) হিসেবে গণ্য হবে। কারণ ইসলামে প্রাণীর ছবি ব্যবহারের ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে। বিশেষত নামাজের মতো মহান ইবাদতের সময় এমন বিষয় থেকে বিরত থাকা অত্যাবশ্যক। (ফতোয়ায়ে হিন্দিয়া: ১ / ১০৭)
তবে জার্সিতে থাকা ছবি বা লোগো যদি এতটাই ছোট, অস্পষ্ট অথবা এমনভাবে আবৃত থাকে যে তা সহজে শনাক্ত করা না যায়, তাহলে সেই পোশাক পরে নামাজ আদায় করলে তা মাকরুহ হবে না। একইভাবে গাছপালা, পাহাড়, নদী, ঝরনা কিংবা অন্যান্য প্রাণহীন বস্তুর ছবি থাকলে তা ব্যবহার করাও বৈধ। (রদ্দুল মুহতার: ১ / ৬৪৭)
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘হে বনি আদম, তোমরা প্রতিবার নামাজের সময় নিজেদের সৌন্দর্য ও শোভা-সজ্জা গ্রহণ করো।’ (সুরা আরাফ: ৩১)। এই আয়াত থেকে বোঝা যায়, নামাজের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন, শালীন ও মর্যাদাপূর্ণ পোশাক পরিধান করা মুসলমানের জন্য কাম্য। কারণ সে তখন সৃষ্টিকুলের প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়।