হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আফ্রিকায় গিয়ে নিজেই শিকারে পরিণত হলেন মার্কিন ধনকুবের শিকারি

আজকের পত্রিকা ডেস্ক­

নিজের শিকার করা একটি বুনো বাইসনের সঙ্গে আর্নি ডোজিও। ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার ঘন জঙ্গলে শিকার করতে গিয়ে এক মার্কিন ধনকুবের শিকারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আর্নি ডোজিও (৭৫) দীর্ঘদিন ধরে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে বড় বড় প্রাণী শিকারের জন্য পরিচিত ছিলেন।

ডোজিওর মৃত্যুর ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকার দেশ গ্যাবন-এর লোপে-ওকান্দা রেইনফরেস্টে। তিনি সেখানে বিরল প্রজাতির অ্যান্টিলোপ ইয়েলো-ব্যাকড ডুইকার শিকারের জন্য প্রায় ৩০ হাজার পাউন্ড ব্যয় করে সফরে গিয়েছিলেন। তাঁর সঙ্গে একজন পেশাদার শিকারি গাইডও ছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, জঙ্গলের ঘন ঝোপঝাড়ের মধ্যে ডোজিও হঠাৎ পাঁচটি মাদি হাতি ও একটি শাবকের মুখোমুখি হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, শাবক থাকলে হাতির দল অত্যন্ত আক্রমণাত্মক অবস্থায় থাকে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হাতির দলটি এতটাই আড়ালে ছিল যে ডোজিও ও তাঁর গাইড যেন হঠাৎ করেই প্রাণীগুলোর সামনে চলে যান। পরিস্থিতি বুঝে ওঠার আগেই হাতিরা আক্রমণ শুরু করে।

এ সময় ডোজিওর সঙ্গে থাকা পেশাদার শিকারিটি প্রথমে আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর রাইফেলটি ছিটকে পড়ে। তিনি গুরুতর আহত হয়ে পড়লে ডোজিও কার্যত একা হয়ে যান। তাঁর হাতে এ সময় ছিল শুধু একটি শটগান। এরপর হাতির দল তাঁকে মাটিতে ফেলে নির্মমভাবে পিষে হত্যা করে। ঘটনাটি অত্যন্ত দ্রুত ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ডোজিও বহু বছর ধরে শিকার করছিলেন। তিনি আফ্রিকার ‘বিগ ফাইভ’ অর্থাৎ হাতি, সিংহ, চিতা, গন্ডার ও মহিষ সহ অসংখ্য প্রাণী শিকার করেছেন। তাঁর বাড়িতে ট্রফি হিসেবে সংরক্ষিত ছিল শতাধিক প্রাণীর মাথা। তবে সমালোচকদের বিরোধিতা সত্ত্বেও তাঁর শিকার কার্যক্রম আইনসম্মত ও সংরক্ষণমূলক সীমার মধ্যেই ছিল বলে ঘনিষ্ঠরা দাবি করেছেন।

গ্যাবন-কে প্রায়ই ‘আফ্রিকার শেষ এডেন’ বলা হয়। দেশটির প্রায় ৮৮ শতাংশ এলাকা বনভূমিতে আচ্ছাদিত। এখানে বিশ্বের প্রায় ৬০ শতাংশ বুনো হাতির বাস, যাদের সংখ্যা আনুমানিক ৫০ হাজার।

ঘটনার পর একটি সাফারি কোম্পানি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ১৭ এপ্রিল শিকারের সময় ওই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় ডোজিওর মরদেহ তাঁর নিজ শহর ক্যালিফোর্নিয়ার লোডিতে পাঠানো হচ্ছে।

ডোজিও শুধু শিকারি নন, একজন সফল কৃষি উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার শিকারি সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প