হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

আজকের পত্রিকা ডেস্ক­

নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর অ্যানি অ্যান্ড্রুজ। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের লাল দুর্গ হিসেবে পরিচিত সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দীর্ঘ প্রায় তিন দশক (২৮ বছর) পর এক অভাবনীয় ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও শিশু বিশেষজ্ঞ ড. অ্যানি অ্যান্ড্রুজ কট্টর ইসরায়েলপন্থী সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের আসনে বিশাল জয় পেয়েছেন। এই জয়ের মাধ্যমে সাউথ ক্যারোলিনায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো কোনো রাজ্যব্যাপী (স্টেটওয়াইড) সিনেট নির্বাচনে জয়ী হলো ডেমোক্র্যাটরা।

বিবিসির তথ্য ও সিবিএস নিউজের খবর বলছে, গতকাল মঙ্গলবারের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডারলেইন গ্রাহামকে হারিয়ে এক চমকপ্রদ রাজনৈতিক ইতিহাস গড়েন অ্যানি অ্যান্ড্রুজ।

গত জুলাইয়ে দীর্ঘদিনের প্রভাবশালী সিনেটর লিন্ডসি গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনে আসনটিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মনোনীত হয়েছিলেন তাঁর বোন, রাজনীতিতে নবাগত ডারলিন গ্রাহাম। কিন্তু নির্বাচনী প্রচারণা ও বিতর্কের বিভিন্ন পর্যায়ে বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রশ্নের মুখে তাঁর অভিজ্ঞতাহীনতা স্পষ্ট হয়ে ওঠে।

যেখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে ১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলেন, সেখানে রিপাবলিকানদের নিশ্চিত এই আসন হাতছাড়া হওয়াকে যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় রাজনীতিতে ডেমোক্র্যাটদের অন্যতম বৃহৎ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সাউথ ক্যারোলিনার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নকে মূল প্রচারণা হিসেবে উপস্থাপন করে জয় ছিনিয়ে আনেন ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যানি অ্যান্ড্রুজ।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়েছেন বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে তিনি পরাজিত করেছেন তাঁর বিলিয়নেয়ার প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে। ব্রায়ান কেম্পের উত্তরসূরি হওয়ার এই লড়াইয়ে জ্যাকসন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটিরও বেশি (২০০ মিলিয়ন) ডলার খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বটমসের এই বিজয়ে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিশাল কৃষ্ণাঙ্গ ভোটার ব্লক। আগাম ভোটের সময় এই ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনী প্রচারণাকালে বটমসকে রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। বিরোধীরা তাঁর আটলান্টার মেয়র থাকাকালীন সময়কে রাজ্যের বৃহত্তম শহরটির ‘অপরাধপ্রবণ অবনতির কাল’ হিসেবে চিত্রিত করার চেষ্টা চালায়।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি খারাপ ও বিশৃঙ্খল জায়গা হিসেবে তুলে ধরার এই অপচেষ্টা তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

উল্লেখ্য, জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগেও ২০১৮ এবং ২০২২ সালে রাজ্যটিতে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে সেবার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি অ্যাব্রামস। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের শেষসীমায় পৌঁছে আগামী জানুয়ারিতে পদত্যাগ করছেন কেম্প। আর তাঁরই উত্তরসূরি হিসেবে জয় ছিনিয়ে নিলেন কেইশা ল্যান্স বটমস।

জলে গেল ৪৭৪ মিলিয়ন ডলার, রিপাবলিকানদের হারে মাস্কের মুখে কুলুপ

ব্যালটে আমার নাম না থাকার কারণেই রিপাবলিকানরা হারছে: ‘মি. ভেটো’ ট্রাম্প

রিপাবলিকানদের একাধিক ঘাঁটি ধসিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতে

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: হাউস ও সিনেট উভয় কক্ষেই হারের পথে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদের

ইসরায়েলকে আর টাকা দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার

শুরু হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ