হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবারের নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫ টিতে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের দখলে থাকা গুরুত্বপূর্ণ অন্তত ৩টি আসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দলটি। তবে একাধিক অঙ্গরাজ্যে ভোট গণনা ও ফলাফল এখনো চূড়ান্ত না হওয়ায় সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তা এখনো নিশ্চিত নয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাটরা জর্জিয়া, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও দক্ষিণ ক্যারোলাইনায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। টেক্সাসে জেমস টেলারিকো রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপারও রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে নিয়েছেন।

ওহাইওর বিশেষ নির্বাচনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন। অন্যদিকে, দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয় বিশেষ তাৎপর্য বহন করছে।

এ ছাড়া কলোরাডো, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউ মেক্সিকো, ওরেগন, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। এসব আসনে যথাক্রমে জন হিকেনলুপার, ক্রিস কুন্স, জুলিয়ানা স্ট্রাটন, এডওয়ার্ড মার্কি, ক্রিস পাপাস, কোরি বুকার, বেন লুজান, জেফ মার্কলে, জন রিড ও মার্ক ওয়ার্নার বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, আইওয়া, কানসাস ও মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এসব অঙ্গরাজ্যে যথাক্রমে জশ ট্যুরেক, অ্যাডাম হ্যামিল্টন ও আব্দুল এল-সাইয়েদ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।

রিপাবলিকানরাও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জয় ধরে রেখেছে। ফ্লোরিডার বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন অ্যাশলি মুডি। এ ছাড়া আলাবামা, আরকানসাস, কেনটাকি, ওকলাহোমা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়াইওমিংয়ে রিপাবলিকান প্রার্থীরা জয় পেয়েছেন। এসব অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে ব্যারি মুর, টম কটন, অ্যান্ডি বার, কেভিন হার্ন, শেলি ক্যাপিটো ও হ্যারিয়েট হেগম্যান।

রিপাবলিকান প্রার্থীরা লুইজিয়ানা, মেইন, মিনেসোটা, মিসিসিপি, মন্টানা, সাউথ ডাকোটা ও টেনেসিতেও এগিয়ে রয়েছেন। এসব অঙ্গরাজ্যে যথাক্রমে জুলিয়া লেটলো, সুসান কলিন্স, মিশেল টাফোয়া, সিন্ডি হাইড-স্মিথ, কার্ট আলমে, মাইক রাউন্ডস ও বিল হ্যাগার্টি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।

কয়েকটি আসনে ফলাফল এখনো অনিশ্চিত

সিনেটের কয়েকটি আসনে এখনো চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়নি। নেব্রাস্কায় স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন এগিয়ে রয়েছেন। আইডাহোতে স্বতন্ত্র প্রার্থী টড আচিলিস প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। অন্যদিকে, আলাস্কায় ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা ও রিপাবলিকান প্রার্থী জেরাল্ড হেইকেসের মধ্যকার লড়াইয়ের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। এসব আসনে ভোট গণনা ও ফলাফল নির্ধারণের প্রক্রিয়া বাকি রয়েছে।

নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের আসনসংখ্যা ছিল ৫৩ টি, আর ডেমোক্র্যাটদের ছিল ৪৭ টি। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের চারটি আসনে নিট জয় প্রয়োজন ছিল। ফলে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের আসন ধরে রাখাও দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে, এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের লড়াই এখনো অমীমাংসিত। বিশেষ করে নেব্রাস্কা, আইডাহো ও আলাস্কার ফলাফল চূড়ান্ত হওয়ার পর সিনেটের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদ

জলে গেল ৪৭৪ মিলিয়ন ডলার, রিপাবলিকানদের হারে মাস্কের মুখে কুলুপ

ব্যালটে আমার নাম না থাকার কারণেই রিপাবলিকানরা হারছে: ‘মি. ভেটো’ ট্রাম্প

রিপাবলিকানদের একাধিক ঘাঁটি ধসিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: হাউস ও সিনেট উভয় কক্ষেই হারের পথে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদের