১৯৯৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে জয় এলো ডেমোক্রেটিক পার্টির। ২৮ বছর পর এ অঙ্গরাজ্যে গভর্নর হতে যাচ্ছেন কোনো ডেমোক্রেটিক নেতা। আলাস্কায় ডেমোক্রেটিক প্রার্থী ও সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা ৩৭ বছর বয়সী জোনাথন ক্রেইস-টমকিনসের জয়ী হওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসি নিউজ।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য সরকার ও মার্কিন কংগ্রেসের বিভিন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয় দেখা গেছে। ক্রেইস-টমকিনসের জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যে গভর্নরের দায়িত্বে থাকবেন ডেমোক্র্যাটরা। এর মধ্যে আইওয়া, জর্জিয়া, ওহাইও ও টেক্সাসের মতো কয়েকটি অঙ্গরাজ্যও রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ছিল।
‘জেকেটি’ নামে পরিচিত ক্রেইস-টমকিনস তিন বছর আগে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ ছাড়ার পর আবার রাজনীতিতে ফিরে এই জয় পেলেন। আলাস্কার বিভিন্ন এলাকায় ঘুরে সমর্থকদের জোট গড়ে তোলেন তিনি। জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি স্কুলগুলোর জন্য পূর্ণ অর্থায়ন এবং তেল ও গ্যাস উৎপাদনকারী সব প্রতিষ্ঠানের ওপর করপোরেট আয়কর আরোপের পক্ষে প্রচার চালান তিনি।
এ ছাড়া নতুন ডেটা সেন্টার নির্মাণে যত দিন না অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা বিধিমালা প্রণয়ন করেন, ততদিন নির্মাণে স্থগিতাদেশ দেওয়ার দাবি জানান।
বিদায়ী রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভির আট বছরের শাসনে আলাস্কার অবস্থা ‘ভেঙে পড়েছে’ বলে মন্তব্য করেছিলেন ক্রেইস-টমকিনস। তাঁর মতে, অঙ্গরাজ্যটির পরিবর্তন প্রয়োজন। বিভিন্ন সমস্যার মধ্যে তিনি অঙ্গরাজ্যের ফেরি যোগাযোগব্যবস্থার বেহাল দশার কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, অনেক এলাকার সঙ্গে ফেরি চলাচলের রুট ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব আলাস্কার যেসব জনপদের সঙ্গে সড়ক যোগাযোগ নেই, সেখানকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই ফেরি। এসব এলাকার কয়েকটিতে বিমান যোগাযোগও সীমিত।
৩৭ বছর বয়সী ক্রেইস-টমকিনস দলমত-নির্বিশেষে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মন্ত্রিসভায় রিপাবলিকান, ডেমোক্র্যাট ও স্বতন্ত্র—সব ধরনের রাজনৈতিক পরিচয়ের মানুষকে রাখতে চান তিনি।
গত মাসে এক বিতর্কে ক্রেইস-টমকিনস বলেন, ‘কেউ যদি দক্ষ হন, মানুষের সেবায় নিবেদিত হন, উদ্যোগী হন এবং সমস্যা সমাধানে পারদর্শী হন, তাহলে তিনি আমাদের দলে আছেন। কাজ শুরু করা যাক। চলুন, আলাস্কাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনি।’
রিপাবলিকান দলের মার্কিন সিনেটর লিসা মারকোস্কি নির্বাচনের এক সপ্তাহ আগে ক্রেইস-টমকিনসকে সমর্থন জানান। নিজ দলের অবস্থানের সঙ্গে, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিভিন্ন বিষয়ে তাঁর মতবিরোধ রয়েছে। মারকোস্কি বলেন, ক্রেইস-টমকিনস বোঝেন যে সরকার পরিচালনার জন্য ভিন্নমতের মানুষের কথা শুনতে হয় এবং সবার সমস্যার সমাধানে অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হয়।
ডেমোক্র্যাট টনি নোলস, স্বতন্ত্র বিল ওয়াকার এবং রিপাবলিকান ফ্রাঙ্ক মারকোস্কিসহ তিন সাবেক গভর্নরও তাঁকে সমর্থন দিয়েছিলেন। ফ্রাঙ্ক মারকোস্কি সিনেটর লিসা মারকোস্কির বাবা।
শুক্রবার সকালে বিজয় ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে ক্রেইস-টমকিনস বলেন, ভোটাররা পরিবর্তন চান। তাঁরা এমন একটি সরকার চান, যা দলমত-নির্বিশেষে কাজ করে আলাস্কাকে এগিয়ে নেবে। তিনি বলেন, ‘আলাস্কার সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করতে আমাদের প্রশাসন এক দিনও নষ্ট করবে না।’ তাঁর প্রচারে ১০ হাজারের বেশি মানুষ অর্থ সহায়তা দিয়েছেন বলেও জানান তিনি।
এপির পক্ষ থেকে ফলাফল নিশ্চিত হওয়ার পর মন্তব্য জানতে তাঁর প্রচারশিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
ক্রেইস-টমকিনস রিপাবলিকান প্রার্থী বার্নাডেট উইলসন, ডেভ ব্রনসন ও ট্রেগ টেলরকে পরাজিত করেছেন। ব্যবসায়ী উইলসনকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্বাচনী দৌড় থেকে সরে না দাঁড়ানোয় অন্য দুই রিপাবলিকান প্রার্থীর সমালোচনা করেছিলেন তিনি। ব্রনসন আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্করেজের সাবেক মেয়র। আর টেলর ডানলিভির প্রশাসনে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেইস-টমকিনসকে অভিনন্দন জানিয়েছেন ব্রনসন। তাঁর সাফল্যও কামনা করেছেন তিনি। উইলসনের প্রচারশিবিরের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
রিপাবলিকানদের অনেকেই মনে করেছিলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের দলের জন্য গভর্নরের পদ ধরে রাখার সবচেয়ে ভালো সুযোগ ছিল। তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে তাঁদের এ অবস্থানের বিরোধ ছিল। আলাস্কার অস্বাভাবিক ভোটপদ্ধতি নিয়ে ট্রাম্প নিয়মিত অভিযোগ করে আসছেন। অক্টোবরে আলাস্কায় এক নির্বাচনী সমাবেশেও তিনি এ নিয়ে সমালোচনা করেন।
আগস্টে অনুষ্ঠিত উন্মুক্ত প্রাথমিক নির্বাচনে প্রথম হয়েছিলেন ক্রেইস-টমকিনস। তাঁর পরেই ছিলেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী টম বেগিচ। পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। সে সময় বেগিচের প্রচারশিবির বলেছিল, ‘জয়ের সবচেয়ে শক্তিশালী পথ হলো ডেমোক্র্যাট ভোটার, দাতা ও প্রচারের সম্পদ এক প্রার্থীর পেছনে একত্র করা।’ প্রাথমিক নির্বাচনে উইলসন হয়েছিলেন তৃতীয়।
সমঝোতার বিষয়ে ক্রেইস-টমকিনস বলেন, ‘আপস করা একটি গুণ, নোংরা শব্দ নয়।’ অঙ্গরাজ্যের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করাকেই নতুন গভর্নরের দায়িত্ব বলে মনে করেন তিনি।
আলাস্কার সর্বশেষ ডেমোক্র্যাট গভর্নর টনি নোলস ২০০২ সালে টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর ক্ষমতা ছাড়েন। আর বিল ওয়াকার গভর্নর ছিলেন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত।
আগামী ৭ ডিসেম্বর গভর্নর হিসেবে শপথ নেবেন ক্রেইস-টমকিনস। তাঁর লেফটেন্যান্ট গভর্নর হবেন স্বতন্ত্র প্রার্থী জ্যাক জনসন।