যুদ্ধের অবসানের পর ইউক্রেনের বর্তমান চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বক্তব্যে যুদ্ধপরবর্তী ইউক্রেনের ভৌগোলিক সীমানা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তবে দীর্ঘদিনের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষে দেশটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো আশ্বাস দেননি তিনি।
এ সপ্তাহে শান্তি আলোচনা শুরুর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তাঁর মন্তব্যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রাম্পের প্রত্যাশা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের পথ তৈরি হবে। পাশাপাশি চীনের শেনজেনে এক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করবেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব। আমার বিশ্বাস, এটি ঘটবে এবং শেষ পর্যন্ত ইউক্রেনের চেহারা কিছুটা বদলে যাবে।’
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের ‘ইউক্রেনের চেহারা বদল’ কথাটির সম্ভাব্য অর্থ হলো, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বাস্তবতা মেনে নিতে হতে পারে।
শান্তি আলোচনায় সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে ইউক্রেনের রুশ অধিকৃত ভূখণ্ডের ভবিষ্যৎ। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর বড় অংশই পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে।
রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, ইউক্রেনীয় সেনাদের ওই দুই অঞ্চল থেকে প্রত্যাহার না করা হলে যুদ্ধবিরতি সম্ভব নয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, দেশের আইন অনুযায়ী এসব ভূখণ্ড ছেড়ে দেওয়ার সুযোগ নেই।
ট্রাম্প যুদ্ধের প্রধান বাধা হিসেবে পুতিন ও জেলেনস্কির মধ্যকার বৈরিতাকে দায়ী করেছেন। তাঁর ভাষ্য, দুই নেতার মধ্যে বিদ্বেষের কারণেই সমঝোতা কঠিন হয়ে উঠেছে।
আবুধাবির আলোচনায় ভূখণ্ডগত বিরোধের পরিবর্তে ইউরোপের নিরাপত্তাকাঠামো নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। ট্রাম্পের জামাতা ও শান্তিবিষয়ক দূত জ্যারেড কুশনার ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিতে পারেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে কার্যত নিষ্ক্রিয় এই কাউন্সিল সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণ ও যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখত।
এদিকে আলোচনায় ইউরোপীয় কর্মকর্তাদের অংশগ্রহণ থাকবে না বলে জানিয়েছে ক্রেমলিন। তবে অগ্রগতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকে অবহিত করা হতে পারে।
ইরান যুদ্ধ নিয়েও ট্রাম্প বলেছেন, নতুন করে হামলা চালিয়ে সংঘাত বাড়ানোর কোনো কারণ নেই। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তেহরানের দাবিগুলো গ্রহণযোগ্য না হওয়ায় আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য বলেছেন, সর্বোচ্চ নেতা যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটাতে আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে আলোচনার মাধ্যমে অধিকার আদায়ে আগ্রহী হলেও শক্তি প্রয়োগ ও চাপের কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন তিনি।