হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসকে নিরস্ত্রীকরণে আট মাসের জন্য ১২ দফা প্রস্তাব ট্রাম্পের শান্তি পরিষদের

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ হামাসকে নিরস্ত্র করে ধাপে ধাপে গাজার প্রশাসন একটি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার জন্য আট মাসের একটি পরিকল্পনা জমা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বুলগেরিয়ার রাজনীতিবিদ ও কূটনীতিক নিকোলাই ম্লাদেনভ গত সপ্তাহে হামাসের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বোর্ড অব পিসের মহাপরিচালক।

ডোনাল্ড ট্রাম্প গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির পর গাজার তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করেন। প্রস্তাব অনুযায়ী, গাজায় সক্রিয় হামাসসহ সব প্রতিরোধ গোষ্ঠী; যেমন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) ধাপে ধাপে নিরস্ত্র হবে। এই প্রক্রিয়া তদারকি করবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) নামে পরিচিত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের দল।

প্রস্তাবনায় বলা হয়েছে, ‘গাজা পরিচালিত হবে এক কর্তৃত্ব, এক আইন, এক অস্ত্র নীতিতে। এর অর্থ কেবল এনসিএজি কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই অস্ত্র রাখতে পারবে এবং সব সশস্ত্র গোষ্ঠী তাদের সামরিক কার্যক্রম বন্ধ করবে।’

নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটি যাচাই করবে ‘ওয়েপনস কালেকশন ভেরিফিকেশন কমিটি’, যা গঠন করবেন মহাপরিচালক ম্লাদেনভ নিজেই। প্রস্তাবে আরও বলা হয়, কেবল যেসব এলাকা সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা হবে, সেখানেই পুনর্গঠনের অনুমতি দেবে বোর্ড অব পিস। তবে ইসরায়েল বা বোর্ড কেউই এখনো এই নিশ্চয়তা দেয়নি যে পুনর্গঠিত এলাকাগুলোতে ফিলিস্তিনিরা ফিরে এসে বসবাস করতে পারবে।

দুই বছর ধরে গাজায় ইসরায়েলের গণহত্যার পর অধিকাংশ ফিলিস্তিনি এখন গৃহহীন। তারা তাঁবুতে বসবাস করছে। এই সময়ে অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যসহ দেশটির বিভিন্ন নেতা প্রকাশ্যে বলেছেন, তাঁরা গাজা থেকে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে জাতিগতভাবে উৎখাত করে সেখানে ইসরায়েলি ইহুদিদের বসতি স্থাপন করতে চান।

বোর্ড অব পিস প্রস্তাবিত ১২ দফার এই পরিকল্পনায় নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে। চূড়ান্ত ধাপে ‘ফাইনাল ভেরিফিকেশন’ নাম দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে—ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে, তবে একটি নিরাপত্তা পরিধিতে তাদের উপস্থিতি থাকবে। এই পর্যায়ে পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।

তবে পরিকল্পনায় ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি বা স্বাধীনতার বিষয়ে কোনো উল্লেখ নেই। এতে ইঙ্গিত পাওয়া যায়, গাজার ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে। গতকাল শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম এই প্রস্তাবের কঠোর সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে হামাসকে নিরস্ত্র করার জন্য চাপ প্রয়োগের আহ্বান জানানোয় বোর্ড অব পিসের মহাপরিচালকের সমালোচনা করেন।

এক বিবৃতিতে নাঈম বলেন, ‘ম্লাদেনভ নিজেকে রাজাধিরাজের চেয়েও বেশি রাজকীয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।’ তিনি জোর দিয়ে বলেন, গাজার পুনর্গঠনকে হামাসের নিরস্ত্রীকরণের শর্তের সঙ্গে যুক্ত করা ভুল। এটি আগের সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক।

নাঈম আরও বলেন, ‘ম্লাদেনভ এমনভাবে পরিস্থিতি বদলাতে চাইছেন, যা দখলদারদের (ইসরায়েল) অ্যাজেন্ডাকে এগিয়ে নেয়। অথচ তিনি সম্পূর্ণ উপেক্ষা করছেন যে দখলদার পক্ষ চুক্তির প্রথম ধাপের কোনো অংশই বাস্তবায়ন করেনি, ভবিষ্যৎ প্রতিশ্রুতি পূরণের ব্যাপারেও কোনো নিশ্চয়তা দেয়নি।’ তাঁর অভিযোগ, ম্লাদেনভ ‘নেতানিয়াহু ও তাঁর ফ্যাসিবাদী সরকারের পক্ষ হয়ে ফিলিস্তিনিদের আবার যুদ্ধের হুমকি দিচ্ছেন, অথচ তিনি এমন একটি বোর্ডের প্রতিনিধি, যা নিজেকে বোর্ড অব পিস বলে দাবি করে।’

নাঈম আরও সমালোচনা করেন, গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের সমালোচনা করতেও ম্লাদেনভ ব্যর্থ হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও গুলিবর্ষণে প্রায় ৭৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সবশেষে নাঈম অভিযোগ করেন, ম্লাদেনভ ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা করছেন।’

ক্লান্ত হয়ে পড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী, নতুন ফ্রন্ট সামলাবে কীভাবে

সৌদিতে মার্কিন বিমানঘাঁটিতে হামলায় ১২ সেনা আহত, দুজনের অবস্থা গুরুতর

ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

দুই চীনা জাহাজ আটকে দিল ইরান

যত্রতত্র পড়ে থাকা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এখন ইসরায়েলের নতুন বিপদ

ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির লেনদেন

‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব কটি ঘাঁটিই ধ্বংস করেছে ইরান’

ইরানের স্কুলে হামলাকে ‘হাড়হিম করা বীভৎসতা’ বললেন ফলকার তুর্ক, বিচার দাবি

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল