মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের ‘বেপরোয়া পদক্ষেপ’ পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের মুখে ঠেলে দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজিতে দেওয়া এক পোস্টে সরাসরি ট্রাম্পের উদ্দেশে গালিবাফ বলেন, ‘আপনার বেপরোয়া পদক্ষেপগুলো প্রতিটি মার্কিন পরিবারের জন্য যুক্তরাষ্ট্রকে একটি “জীবন্ত নরকে” পরিণত করছে। আপনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশ অনুসরণ করায় আমাদের পুরো অঞ্চল এখন পুড়ে ছাই হওয়ার পথে।’
ইরানের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘ভুল করবেন না, যুদ্ধাপরাধের মাধ্যমে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। চলমান উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো ইরানের জনগণের অধিকারকে সম্মান করা এবং এই “বিপজ্জনক খেলা” বন্ধ করা।’