হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের, চীনের হস্তক্ষেপ চাইল যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালি বন্ধ করা থেকে ইরানকে বিরত রাখতে চীনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দেশটির পার্লামেন্ট প্রণালিটি বন্ধ করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের হাতে রয়েছে।

হরমুজ প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো এই জলপথ ব্যবহার করে তাদের জ্বালানি পণ্য বিশ্ববাজারে পাঠায়। এই প্রণালি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি সরবরাহে, গভীর সংকট দেখা দেবে।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে।

রোববার (২২ জুন) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমি চীন সরকারকে এ বিষয়ে (ইরানকে) ফোন কল করতে উৎসাহিত করছি। কারণ, তারা তাদের তেলের জন্য হরমুজ প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’ তিনি আরও বলেন, ‘যদি তারা (প্রণালি বন্ধ করে) ...তবে এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে। আমাদের এর মোকাবিলায় বিকল্প রয়েছে, তবে অন্যান্য দেশের বিষয়টিও বিবেচনা করা উচিত। এটি আমাদের দেশের চেয়ে অন্যান্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে।’

ইরান চীনের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। তেহরানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে চীনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।

যদি হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন ঘটে, তাহলে বিশ্বব্যাপী তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চীনের ভূমিকা এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আরও খবর পড়ুন:

ইরানের দাবি—আলোচনা ভেস্তে দিতেই হরমুজে হামলা, প্রকাশ্য অঙ্গীকারের শর্ত যুক্তরাষ্ট্রের

গাজায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ প্রদর্শনের আয়োজককে হত্যা, ফিলিস্তিনজুড়ে শোক

গণহত্যা থেকে বাঁচতে ব্রাজিলে পাড়ি, গণিত অলিম্পিয়াডে গাজার কিশোরীর স্বর্ণপদক জয়

ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর ঘোষণা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের না

মেসি নন, অন্য কারণে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু, জানালেন নিজেই

ইরানে হামলার পর এবার ফের উত্তেজনা হ্রাসে মনোযোগ ট্রাম্পের

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

খামেনির দাফনে লাখো মানুষ, প্রতিশোধের স্লোগানে মুখর মাশহাদ