গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার দুই নেতার মধ্যে টেলিফোনে অনুষ্ঠিত আলোচনায় ট্রাম্প এ আহ্বান জানান। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা এবং উপত্যকাটির শাসনভার নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার হাতে হস্তান্তরের কথা রয়েছে। তবে গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে পরিকল্পনাটির বাস্তবায়ন স্থগিত রয়েছে।
নির্বাচনী প্রচারণার সময় গাজা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যাতে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কিত ইস্যুতে পরিণত না হয়, সে কারণে ট্রাম্প প্রশাসন তখন এ বিষয়ে অগ্রসর হতে চায়নি। নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ায় এখন নেতানিয়াহু কিংবা তাঁর বিরোধীরা, যে পক্ষই নতুন সরকার গঠন করুক না কেন, গাজা পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট।
এক বছর আগে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। ওই সমঝোতার ফলে গাজা যুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত জীবিত সর্বশেষ ২০ জিম্মিকে মুক্তি দেওয়া হয়।
গাজা চুক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠিত ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ কয়েক মাস ধরে পরিকল্পনাটির বাস্তবায়ন কাঠামো তৈরির কাজ করছে। এর আওতায় নতুন ফিলিস্তিনি কারিগরি সরকার গঠন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
গত জুলাইয়ে গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং উপত্যকার বেসামরিক প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব নতুন ফিলিস্তিনি কারিগরি সরকারের হাতে হস্তান্তরের বিষয়ে হামাসের সঙ্গে ১৫ দফার একটি পরিকল্পনায় সমঝোতায় পৌঁছায় বোর্ড অব পিস। তবে এরপর থেকে অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনায় নেতানিয়াহু সরকার পরিকল্পনাটি বাস্তবায়নে কার্যত অস্বীকৃতি জানিয়ে আসছে।
গত আগস্টে ইসরায়েল সফরের সময় ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার নেতানিয়াহুকে জানান, হামাস এই প্রথমবারের মতো নিরস্ত্র হতে সম্মত হয়েছে। হামাসের এই অঙ্গীকার বাস্তব কি না, তা যাচাই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি। তবে হামাস কখনোই গাজাকে সামরিকীকরণমুক্ত করবে না বলে গভীর সংশয় প্রকাশ করে আসছেন নেতানিয়াহু। এখনো তাঁর অবস্থান অপরিবর্তিত। তাঁর দাবি, গাজায় হামাস নিজেদের পুনর্গঠন করছে এবং নতুন করে অস্ত্র সংগ্রহ ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে।
এদিকে, গত তিন মাস ধরে ট্রাম্পের বোর্ড অব পিস ইসরায়েল সরকার ও দেশটির সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছে। গাজাকে সামরিকীকরণমুক্ত করার বিষয়ে ইসরায়েলের উদ্বেগ নিরসন এবং পরিকল্পনার বিভিন্ন খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করাই এই আলোচনার লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে অগ্রগতি যাচাই ও নিশ্চিত হওয়ার পরই কেবল গাজায় পুনর্গঠনকাজ শুরু হবে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে গাজার জন্য ছয় মাসের একটি প্রাথমিক পুনরুদ্ধার পরিকল্পনা প্রকাশ করে বোর্ড অব পিস। এতে প্রাথমিকভাবে ২৪৫ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
মোট ৬৬টি প্রকল্প নিয়ে তৈরি এই পরিকল্পনায় যুদ্ধ-পরবর্তী গাজার পুনরুদ্ধার ও শাসনব্যবস্থার একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে। বিশেষ করে যুদ্ধের পর প্রথম কয়েক মাসে উপত্যকাটির পুনর্গঠন ও প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তার বিস্তারিত পরিকল্পনা রয়েছে এতে।
তবে পরিকল্পনাটি বাস্তবায়নে ইসরায়েল ও হামাস, উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে বোর্ড অব পিস। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, ট্রাম্প প্রশাসন, বোর্ড অব পিস এবং ইসরায়েল একমত যে, গাজা সংকট থেকে উত্তরণের জন্য এই পরিকল্পনাই সবচেয়ে কার্যকর পথ। এর কোনো বিশ্বাসযোগ্য বিকল্পও নেই।
ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার বৃহস্পতিবারের ফোনালাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর উদ্যোগেই ফোনালাপটি অনুষ্ঠিত হয় এবং আলোচনাটি ছিল গঠনমূলক। এতে ইরানের যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় স্থান পায়।
এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ফোনালাপের পরদিন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইসরায়েল সফর করেন। তিনি ট্রাম্পের বোর্ড অব পিসের একজন সদস্য। সফরে তিনি নেতানিয়াহু এবং তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর পরিবর্তে নতুন সরকার গঠনের দায়িত্ব পালনের চেষ্টা করছেন আইজেনকোট।
সফর সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, টনি ব্লেয়ার নেতানিয়াহু ও ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক নেতাকে গাজা শান্তি পরিকল্পনাটি বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনাটি বাস্তবায়ন করা কঠিন হবে। তবে আমরা বিশ্বাস করি, এটি ইসরায়েলের জন্য একটি ভালো পরিকল্পনা। তা সত্ত্বেও, এক হাত পেছনে বেঁধে রেখে আমরা কাজটি করতে পারব না।’ তিনি আরও বলেন, ‘আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যেতে চাই। এ জন্য ইসরায়েল সরকারের পূর্ণ সহযোগিতা ও অংশীদারত্ব প্রয়োজন।’