সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ-এর একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট একটি ড্রোন হামলার পর ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে আগুনের সূত্রপাত হয়।
সোমবার (৪ মে) রাতে খালিজ টাইমস জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের অবস্থা মাঝারি পর্যায়ের বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে। এদিকে, সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি মূল্যায়ন করছে।
এই ঘটনার পর চলমান ইরান সংঘাতে আমিরাত জুড়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। পাশাপাশি, ইরানের সাম্প্রতিক হামলাগুলোর জেরে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ফিলিস্তিন, ভারত ও মিসরের নাগরিকেরা রয়েছেন। গত এপ্রিলের শুরুতে একটি ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছিল।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফুজাইরাহ অঞ্চলে একটি বড় সমুদ্রবন্দর ও তেল পরিবহন পাইপলাইন রয়েছে, যা হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই অঞ্চলে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
এদিকে, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (৪ মে) চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যার মধ্যে তিনটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং একটি সাগরে পড়েছে।