হোম > বিশ্ব > ভারত

এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্পের সাঁড়াশি অভিযানে লাখ লাখ ভারতীয় শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রে কম্পিউটার সায়েন্সে স্কলারশিপ পাওয়ার পর ব্যাগ গোছানো শুরু করেছিলেন পরিধি উপাধ্যায়। কিন্তু গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসার কড়াকড়ির খবর পেয়ে ভারতের লক্ষ্ণৌতে তাঁর পরিবার সেই পরিকল্পনা বাতিল করে দেয়।

১৮ বছর বয়সী পরিধির বাবা রুদ্র প্রতাপ বলেন, ‘অভিবাসীদের ওপর ট্রাম্পের এই অবিরাম আঘাত আমাদের বাধ্য করছে ওর জন্য অন্য কোনো গন্তব্য খুঁজতে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরিধির মতো হাজার হাজার ভারতীয়র জন্য বিশ্বমানের শিক্ষা, আকর্ষণীয় পেশা, উন্নত জীবনমান ও সামাজিক গতিশীলতার যে আমেরিকান স্বপ্ন ছিল, তা এখন ম্লান হয়ে যাচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দিনকে দিন কঠোর হচ্ছে এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত।

কয়েক দশক ধরে এইচ-১বি ভিসা ছিল নতুন জীবনের প্রবেশদ্বার। ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে আসা তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য এটি উচ্চ বেতনের চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ এনে দিত।

কিন্তু গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন, নতুন এইচ-১বি ভিসার আবেদন করতে খরচ পড়বে এক লাখ ডলার, যেখানে এত দিন নিয়োগকর্তাদের ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মতো খরচ হতো।

লক্ষ্ণৌ থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে টেক্সাসের ডালাসে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছেন এক ভারতীয় শিক্ষার্থী। তিনি ৮০ হাজার ডলারের ঋণে জর্জরিত এবং তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত।

সেই শিক্ষার্থী তাঁর নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন আমার একমাত্র লক্ষ্য হলো ডিগ্রি শেষ করা, একটি ইন্টার্নশিপ খোঁজা এবং আমার ঋণ শোধ করার চেষ্টা করা।’

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমি কানাডা বা ইউরোপে চলে যাব—এমন কোথাও, যেখানে আমাদের সত্যি প্রয়োজন আছে।’

এইচ-১বি ভিসা: প্রবেশপথ কি বন্ধ হচ্ছে

যেখানে সমর্থকেরা মনে করেন, এইচ-১বি ভিসা যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ দক্ষ জনশক্তি নিয়ে আসে, সেখানে ট্রাম্পের দাবি, এটি স্থানীয় কর্মীদের মজুরি কমিয়ে দেয় এবং যোগ্য মার্কিন নাগরিকদের চাকরির বাইরে ঠেলে দেয়। ফলে এটি দেশটির সবচেয়ে বিতর্কিত অভিবাসন নীতিগুলোর একটি হয়ে উঠেছে।

অনেক নামকরা ভারতীয় এই কর্মসূচির সুবিধা নিয়েছেন—মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা, আইবিএমের প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণ এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তাঁরা সবাই ছাত্র হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারত, অনুমোদিত ভিসাধারীদের মধ্যে যার অংশ ছিল ৭১ শতাংশ। চীন ছিল অনেকটা পিছিয়ে, মাত্র ১১.৭ শতাংশ।

সাধারণত তিন বছরের জন্য দেওয়া হয় এইচ-১বি ভিসা, যা আরও তিন বছর বাড়ানো যায়। এর মাধ্যমে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো লাখ লাখ দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিয়েছে স্থানীয় কর্মক্ষেত্রে দক্ষ জনবলঘাটতি পূরণ করতে।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা বিদেশি শিক্ষার্থীরা প্রায়ই ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ কর্মসূচি ব্যবহার করে কাজের অভিজ্ঞতা অর্জন করেন এবং পরে এইচ-১বি ভিসা নেন। এ ভিসাই হয়ে ওঠে দীর্ঘমেয়াদি চাকরির এবং অনেকের ক্ষেত্রে বহুল কাঙ্ক্ষিত স্থায়ী নাগরিকত্ব বা গ্রিন কার্ডের সেতুবন্ধন।

তবে এখন তরুণ ভারতীয়রা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও কর্মজীবন নিয়ে নতুন করে ভাবছেন এবং অভিবাসনবান্ধব অন্য দেশগুলো খুঁজছেন—এমনটাই মত শিক্ষা পরামর্শক, অধ্যাপক ও শিক্ষার্থীদের।

আইডিপি এডুকেশনের পীয়ুষ কুমার বলেন, অনেক শিক্ষার্থী ও অভিভাবক এখন ‘অপেক্ষা ও দেখার’ অবস্থানে আছেন। তাঁরা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো বিকল্প দেশ বিবেচনা করছেন।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন ৪ লাখ ৬৫ হাজার ভারতীয় শিক্ষার্থী, যা বিদেশে যাওয়া ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে সর্বাধিক। এর পরের অবস্থানে ছিল কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

ইউনিপ্ল্যানেট ওভারসিজ এডুকেশনের ম্যানেজিং পার্টনার পাতলোল্লা ভারত রেড্ডি বলেন, শিক্ষার্থীরা শুরুতেই বিকল্প পরিকল্পনা চাচ্ছেন। কারণ, বিনিয়োগের সঠিক প্রতিফলন এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সঙ্গে সংলাপ বন্ধ করা যাবে না: আরএসএস

থালাপতি বিজয়ের পদাঙ্ক অনুসরণ করে কাশ্মীরেও মদের দোকান বন্ধের দাবি

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত: আনন্দবাজারের প্রতিবেদন

সংখ্যালঘু ‘নিপীড়নের’ অভিযোগ খণ্ডনে বিশ্ব সফরে বের হচ্ছে আরএসএস

পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, ভাঙচুর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল