ভারতের তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেসের সমর্থন চেয়েছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান ও অভিনেতা থালাপতি বিজয়। আজ মঙ্গলবার (৫ মে) কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কেসি বেণুগোপাল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বেণুগোপাল জানান, সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার সকালে চেন্নাইয়ে বৈঠকে বসবে কংগ্রেসের তামিলনাড়ু রাজ্য শাখা। তিনি আরও স্পষ্ট করেছেন, যেহেতু রাজ্যের জনগণ একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে রায় দিয়েছেন, তাই কংগ্রেস কোনোভাবেই বিজেপি-সমর্থিত কোনো সমীকরণকে সমর্থন করবে না।
কংগ্রেসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিজয়ের দলকে সমর্থন দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিবাচক এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রাজ্য ইউনিটকে দেওয়া হয়েছে।
তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোড়ঙ্কর জানিয়েছেন, বিজয় ইতিমধ্যে কংগ্রেস সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ১১৮টি, যেখানে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি অবস্থান করছে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের সমর্থন বিজয়ের জন্য সরকার গঠনের পথ সুগম করতে পারে। গিরিশ চোড়ঙ্কর আরও উল্লেখ করেছেন, এবারের নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের মধ্যে বিজয়ের পক্ষে এক বিশাল জোয়ার ছিল, যার প্রতিফলন ঘটেছে নির্বাচনী ফলাফলে।
নির্বাচনী জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রথম বিবৃতিতে বিজয় সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, দলের যাত্রার শুরুতে অনেক সমালোচনা ও বাধা এলেও তামিলনাড়ুর মানুষ মায়ের মতো তাঁদের পাশে দাঁড়িয়েছেন। এখন বিধানসভার নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানানোর পর বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আশা করা হচ্ছে। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে বিজয়ের এই উত্থানকে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।