ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে (৪৯) বিয়ে করেছেন। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে দম্পতি তাঁদের নতুন জীবনের এই খবর নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) নয়া দিল্লিতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাঁদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উভয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওমর আবদুল্লাহ লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’
অন্যদিকে নিধি রাজদান এক্সে লেখেন, ‘ইটস ডান ব্রো।’ উভয় পোস্টে একটি আংটির ইমোজি যুক্ত ছিল এবং দুজনেই একে অপরকে ট্যাগ করেছেন। ওমর আবদুল্লাহ নিজের পোস্টে এই নবদম্পতির ৪টি ছবি শেয়ার করেছেন।
শ্রীনগর ও নতুন দিল্লিতে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
উপস্থিত স্বজনদের মধ্যে ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ড. ফারুক আবদুল্লাহ ও মা মলি আবদুল্লাহ, তাঁর তিন বোন এবং নিধি রাজদানের বাবা বর্ষীয়ান সাংবাদিক এম কে রাজদান ও মা সরলা রাজদান।
এটি ওমর আবদুল্লাহ ও নিধি রাজদান—উভয়ের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৪ সালে পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর আবদুল্লাহ। তাঁদের জাহির ও জামির নামে দুই ছেলে রয়েছে। ২০১১ সাল থেকে আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গত ৩১ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদের অনুমোদন দেন।
অন্যদিকে, এনডিটিভির সাবেক এক্সিকিউটিভ এডিটর ও সংবাদ পাঠিকা নিধি রাজদান ২০০৫ সালে সাংবাদিক ও গীতিকার নিলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন। ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।