হোম > বিশ্ব > ভারত

‘গোমাতার গায়ে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না’—হুঁশিয়ারি শুভেন্দুর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘গোমাতার’ গায়ে কেউ হাত তুলবে না, কোনো ধরনের ক্ষতি করা যাবে না। এমন ঘটনা ঘটলে তাঁর চেয়ে খারাপ আর কেউ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদ্রাসা বন্ধের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের কাছে গরু পবিত্র হিসেবে বিবেচিত উল্লেখ করে তিনি বলেন, গরুর ওপর কোনো ধরনের হামলা বা ক্ষতি বরদাশত করা হবে না।

শুভেন্দু অধিকারী বলেন, ‘গোমাতার গায়ে কেউ হাত তুলবে না। গোমাতার কোনো ক্ষতি করা যাবে না। আমি বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।’ সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসব এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনার অনুমতি দেওয়া উচিত নয়। তাঁর ভাষায়, ‘সীমান্তবর্তী এসব এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা থাকা উচিত নয়, যাতে কোনো দেশবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হতে না পারে।’

কথিত অনুপ্রবেশকারীদের বিষয়ে নিজের সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে শুভেন্দু অধিকারী বলেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে শনাক্ত হবে, তাদের প্রথমে হোল্ডিং স্টেশনে রাখা হবে। এরপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘আমরা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাব। প্রথমে তাদের হোল্ডিং স্টেশনে রাখা হবে, এরপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।’

এ সময় বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধেও বক্তব্য দেন তিনি। শুভেন্দু বলেন, ‘যারা “কাশ্মীর মাঙ্গে আজাদি” স্লোগান দেয়, তাদের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় থাকতে দেওয়া উচিত নয়। টুকরে টুকরে গ্যাং এবং তেলাপোকাদের সেখানে নিজেদের অবস্থান বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।’

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী। যারা এখনো নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাদের অবিলম্বে আবেদন করার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনো হিন্দু শরণার্থীকে যাতে কারাগারে যেতে না হয়, তা তিনি নিশ্চিত করবেন। পাশাপাশি কারাগারে থাকা হিন্দু শরণার্থীদের মুক্তি এবং সিএএ-এর আওতায় নাগরিকত্ব দেওয়ার জন্য দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি নিশ্চিত করব, এখানে একজন হিন্দু শরণার্থীকেও যেন কারাগারে যেতে না হয়। তাদের মুক্তি দিতে এবং সিএএ-এর আওতায় নাগরিকত্ব দিতে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত ওই জনসভায় সীমান্ত নিরাপত্তা, কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে নিজের সরকারের অবস্থান তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

পুনের যৌনপল্লি থেকে ৬ ‘বাংলাদেশি নারী’ উদ্ধার

গরু জবাইয়ের অপরাধে তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে মনুস্মৃতি–বেদের উদ্ধৃতি দিল গুজরাটের আদালত

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার শঙ্কা পশ্চিমবঙ্গ-আসামে, ঝুঁকিতে বাংলাদেশেও

‘রেজিম চেঞ্জ’ চেষ্টায় জড়িতদের সরকারি চাকরি দেবে না যোগী সরকার

মাতারবাড়ী হয়ে ‘সেভেন সিস্টার্সে’র সঙ্গে সংযোগ জোরদার করতে চায় জাপান, যা বলল ভারত

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’-এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো