হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেন ছেড়ে গোপন প্রেমিকের সঙ্গে আফ্রিকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল ডায়ানার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজপরিবারের জীবনকে ক্রমেই অসহনীয় মনে করছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা। তাই গোপন প্রেমিক পাকিস্তানি-ব্রিটিশ হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ড. হাসনাত খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় গিয়ে নতুন, অপেক্ষাকৃত সাধারণ জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন তিনি। এমন দাবি করেছেন ডায়ানার ভাই চার্লস স্পেনসার। তাঁর নতুন স্মৃতিকথা ‘Swan Song: Diana, My Sister’-এ এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত বইটিতে স্পেনসার লিখেছেন, ১৯৯৭ সালের মার্চে দক্ষিণ আফ্রিকায় তাঁর কাছে বেড়াতে গিয়ে ডায়ানা ব্রিটেনের জীবনকে ‘অসহনীয়’ বলে মনে করছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, আফ্রিকার দক্ষিণ প্রান্তের এই সুন্দর দেশটি তাঁর ও হাসনাতের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে কি না।

ডায়ানার পরিকল্পনা শুধু কল্পনার পর্যায়ে ছিল না বলেও দাবি করেছেন স্পেনসার। তিনি জানান, বিশ্বখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ড. ক্রিশ্চিয়ান বার্নার্ডের সহায়তা নেওয়ার কথাও ভেবেছিলেন ডায়ানা। বার্নার্ড কেপটাউনের গ্রুট শুর হাসপাতালে বিশ্বের প্রথম সফল মানবহৃৎপিণ্ড প্রতিস্থাপন অস্ত্রোপচার করেছিলেন। ডায়ানা আশা করেছিলেন, বার্নার্ড হাসনাতের জন্য ওই হাসপাতালে উপযুক্ত একটি চাকরির ব্যবস্থা করতে পারবেন।

স্পেনসারের ভাষ্য অনুযায়ী—ডায়ানা নানা সময়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতেন। তাঁর কিছু পরিকল্পনাকে ভাই ‘সরল ও অসম্ভব স্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। দুই সন্তান উইলিয়াম ও হ্যারি তখন ব্রিটেনে স্কুলে অধ্যয়নরত থাকায় ডায়ানা মনে করেছিলেন, দূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করা হয়তো সম্ভব।

১৯৯৫ সালে লন্ডনের রয়্যাল ব্রোম্পটন হাসপাতালে হাসনাতের সঙ্গে ডায়ানার পরিচয় হয়। এক বন্ধুর স্বামী সেখানে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার করাচ্ছিলেন। হাসনাতের প্রতি আগ্রহ তৈরি হওয়ার পর ডায়ানা কয়েক সপ্তাহ প্রায় প্রতিদিন হাসপাতালে যেতেন বলে স্পেনসার জানিয়েছেন। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কটি গোপন রাখতে দুজনকেই নানা কৌশল অবলম্বন করতে হয়েছিল। ডায়ানা একবার কালো পরচুলা পরে হাসনাতের সঙ্গে লন্ডনের একটি জ্যাজ ক্লাবে গিয়েছিলেন। অন্যদিকে, হাসনাতকে গোপনে কেনসিংটন প্যালেসে ঢোকাতে গাড়ির ডিকিতে লুকিয়ে রাখা হয়েছিল বলেও বইটিতে উল্লেখ রয়েছে। ডায়ানা তাঁর বাটলার পল ব্যারেলের কাছে হাসনাতকে বিয়ে করার জন্য একজন পুরোহিত খুঁজে দেওয়ার অনুরোধও করেছিলেন। তবে হাসনাত পরে বিষয়টি নাকচ করেন।

১৯৯৭ সালের গ্রীষ্মে তাঁদের সম্পর্কের অবসান ঘটে। ওই বছরের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়ানা নিহত হন। ২০০৮ সালের তদন্তে হাসনাত জানিয়েছিলেন, ডায়ানাকে বিয়ে করলে অতিরিক্ত জনমনোযোগের কারণে তাঁদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়ত।

স্পেনসার স্মৃতিকথায় আরও লিখেছেন, দক্ষিণ আফ্রিকা সফরের সময় ডায়ানাকে অত্যন্ত বিপর্যস্ত মনে হয়েছিল। তিনি ঘণ্টার পর ঘণ্টা হাতে মোবাইল ফোন নিয়ে হাসনাতের ফোনের অপেক্ষা করতেন। তবে বেশির ভাগ সময়ই সেই ফোন আসত না। ডায়ানার এই অসহায় অবস্থায় ভাই হিসেবে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছিলেন।

স্পেনসারের মতে, ডায়ানা ছিলেন ভালোবাসা, আকর্ষণ ও আত্মসংশয়ে ভরা এক অনন্য মানুষ—যিনি অল্প বয়সেই চলে গেলেও নিজের জীবন দিয়ে পৃথিবীতে গভীর ছাপ রেখে গেছেন।