যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
রাজপ্রাসাদের শীর্ষ কর্মকর্তা লর্ড চেম্বারলেনের পাঠানো চিঠিটি হ্যারির প্রতিনিধি দল, সরকারি দপ্তর, সামরিক কর্মকর্তা এবং রাজপরিবারের স্থানীয় প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে বলে প্রাসাদ সূত্র জানিয়েছে। এতে বলা হয়েছে, হ্যারি ও মেগান এখনো ‘হিজ/হার রয়্যাল হাইনেস’ উপাধি ব্যবহার করতে পারবেন না এবং তাঁরা ‘ব্যক্তিগত নাগরিক’ হিসেবেই থাকবেন।
সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্যে ফিরে এসেছেন সাসেক্সের ডিউক ও ডাচেস। ফলে আগামী শরতে তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাঁদের কোনো সফর বা অনুষ্ঠানই রাজপরিবারের সরকারি কর্মসূচি হিসেবে বিবেচিত হবে না। এসব কর্মকাণ্ড হবে সম্পূর্ণ ব্যক্তিগত সক্ষমতায় এবং তাঁরা রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না।
২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় হ্যারি-মেগানের সঙ্গে যে ‘স্যান্ড্রিংহাম চুক্তি’ হয়েছিল, সেটিও এখনো বহাল রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ওই চুক্তির মাধ্যমে তাঁদের ‘আংশিক রাজকীয়’ অবস্থান—অর্থাৎ বাণিজ্যিক কর্মকাণ্ড চালানোর পাশাপাশি কর্মরত রাজপরিবারের সদস্য থাকার সুযোগ নাকচ করা হয়েছিল।
চিঠিতে বলা হয়, ২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান সার্বভৌমের পক্ষে প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান এবং তাঁরা আর রাজপরিবারের কর্মরত সদস্য নন। তাঁদের দাতব্য কর্মকাণ্ডও ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত সক্ষমতাতেই পরিচালিত হবে।
এ ছাড়া কোনো প্রতিষ্ঠান তাঁদের অভ্যর্থনা বা অনুষ্ঠানে সরকারি অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইলে বাকিংহাম প্যালেসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
যুক্তরাজ্যে হ্যারির নিরাপত্তা নিয়েও দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তাসংক্রান্ত সব কার্যকরী সিদ্ধান্ত সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছেই পাঠাতে হবে। হ্যারি যুক্তরাজ্যে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করলেও রাজপ্রাসাদের অবস্থান হলো, এ বিষয়টি রয়্যাল অ্যান্ড ভিআইপি এক্সিকিউটিভ কমিটি (র্যাভেক) নির্ধারণ করবে।
প্রাসাদ সূত্র জানিয়েছে, গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা এড়াতে স্বচ্ছতার স্বার্থেই চিঠিটির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে।