ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অন্তত ১০০ জন অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। তাঁদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার সীমান্ত পয়েন্টে পরিচালিত পৃথক দুটি অভিযানে তাঁদের আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়, একটি অভিযানে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিকের একটি দলকে সীমান্ত অতিক্রমের সময় আটক করে পুলিশ। এ ছাড়া একই এলাকা থেকে পরিচালিত অন্য একটি অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরও ৩৩ জন অভিবাসীকে আটক করা হয়।
অভিযানকালে সীমান্ত অতিক্রমের জন্য অভিবাসীদের ব্যবহৃত দুটি নৌকা জব্দ করেছে পুলিশ। পাশাপাশি এই মানব পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অধিবাসীরা ইইউ দেশগুলোতে পৌঁছানোর জন্য যেসব অনিয়মিত পথ ব্যবহার করেন, তার মধ্যে তথাকথিত ‘বলকান রুট’ অন্যতম জনপ্রিয়। বসনিয়া মূলত এই বলকান রুটের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স-এর তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে এই বালকান রুটে ৪ হাজার ৯০০টিরও বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।