হোম > বিশ্ব > ইউরোপ

ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত সবাই, আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন ইস্যু যেন আড়ালে পড়ে না যায়—এমন সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে আলোচনা স্থগিত রাখা ‘বড় ঝুঁকি’ তৈরি করবে।

কিয়েভে প্রেসিডেন্টের কার্যালয় থেকে ক্রিস্টিনা আমানপোকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, চলমান ইরান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা চললেও উচ্চপর্যায়ের বৈঠকের সুযোগ তিনি দেখছেন না। তাঁর মতে, স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জার্ড কুশনারের নেতৃত্বে একই মার্কিন আলোচক দল ইরান ও ইউক্রেন উভয় ইস্যুতে কাজ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

জেলেনস্কি মত দেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান যুদ্ধকে অগ্রাধিকার দিলেও ইউক্রেনের চলমান যুদ্ধকে ভুলে গেলে চলবে না। তিনি বলেন, ‘আমরা পরে একটু আলোচনা করব—এমনটা বলার সুযোগ নেই। ইউক্রেন এখনই এক গভীর ট্র্যাজেডির মধ্যে রয়েছে।’ তাঁর মতে, দুই সংকট সমান্তরালভাবে মোকাবিলা করা জরুরি।

তিনি আরও জানান, যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহেও প্রভাব পড়েছে। বিশেষ করে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথা তুলে ধরে তিনি জানান, যুক্তরাষ্ট্রে উৎপাদন সীমিত থাকায় ইউক্রেন পর্যাপ্ত পরিমাণে এসব অস্ত্র পাচ্ছে না।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরোর একটি গুরুত্বপূর্ণ ঋণ অনুমোদন করেছে। জেলেনস্কি একে ‘জীবন ও টিকে থাকার রসদ’ হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ঋণটি আটকে রেখেছিলেন হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। শর্ত হিসেবে তিনি ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে যাওয়া তেলের পাইপলাইন পুনরায় চালুর দাবি তুলেছিলেন। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে অরবানের পরাজয়ের পর ইউক্রেনের ঋণ পাওয়ার বাধা দূর হয়েছে। পাশাপাশি দ্রুজবা পাইপলাইনের ইউক্রেন অংশ দিয়ে ইউরোপ অভিমুখে তেল পরিবহনও পুনরায় শুরু হয়েছে।

জেলেনস্কি জানান, অর্থের অভাবে ইউক্রেন তার উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছে না। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন—প্রতিদিন তাদের প্রায় ১ হাজার ড্রোন ইন্টারসেপ্টর তৈরি হলেও সক্ষমতা রয়েছে দ্বিগুণ। তিনি বলেন, ‘এই অর্থ আমাদের বেঁচে থাকা ও প্রতিরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন।’

হাঙ্গেরিতে অরবানের পতনে কপাল খুলল ইউক্রেনের, পাচ্ছে ১০৬ বিলিয়ন ডলারের ঋণ

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি হবু প্রধানমন্ত্রীর

হাঙ্গেরিতে অরবানের পতন: দূর হলো ইসরায়েলের বিরুদ্ধে ইইউর পদক্ষেপের প্রধান বাধা

কোরআন পোড়ানো ভ্যালেন্টিনার যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ইতালিতে বৈশাখী উৎসবে গুলি, দুই ভারতীয় নিহত

কিয়েভে বন্দুকধারীর গুলি ও জিম্মি-কাণ্ড, নিহত ৬

উগ্র ডানপন্থার উত্থান মোকাবিলায় স্পেনে বামপন্থীদের আন্তর্জাতিক সম্মেলন, থাকছেন যাঁরা

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫