হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রসহ ৯০টি দেশের অন-অ্যারাইভাল ও ভিসামুক্ত ভ্রমণের সময় কমাল থাইল্যান্ড

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বের ৯৩টি দেশের পর্যটকেরা ভিসা ছাড়াই ৬০ দিন থাইল্যান্ডে অবস্থানের সুবিধা পেয়ে আসছিলেন। ছবি: ইপিআই

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল বা ভিসা ছাড়া থাইল্যান্ডে অবস্থানের মেয়াদ কমাচ্ছে দেশটির সরকার। এর ফলে থাইল্যান্ডে ৩০ দিনের বেশি থাকতে চাইলে এই তালিকায় থাকা অন্যান্য দেশের নাগরিকদের শিগগিরই ভিসার জন্য আবেদন করতে হবে।

কোভিড মহামারির ধাক্কা সামলে অর্থনীতি চাঙ্গা করার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই থেকে বিশ্বের ৯৩টি দেশের পর্যটকেরা ভিসা ছাড়াই ৬০ দিন থাইল্যান্ডে অবস্থানের সুবিধা পেয়ে আসছিলেন।

তবে গত মঙ্গলবার এই নিয়ম বাতিলের একটি প্রস্তাব অনুমোদন করেছে থাইল্যান্ড সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি পর্যটকেরা কত দিন দেশটিতে অবস্থান করতে পারবেন, তা এখন থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে দেশওয়ারী নির্ধারণ করা হবে। নিরাপত্তার স্বার্থ ও জটিল ভিসা নীতি পরিহারের উদ্দেশ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে বেশ কয়েকজন বিদেশি নাগরিক বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এসব অপরাধের মধ্যে মাদক ও নারী পাচারের মতো ঘটনাও রয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, ‘অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা—উভয় দিক থেকে বর্তমান পরিস্থিতির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে’ এই নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছে সরকার।

৬০ দিন ভিসা ছাড়া অবস্থানের সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্র। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দেশগুলোসহ তালিকায় থাকা বহু দেশের নাগরিকদের ৩০ দিনের বেশি অবস্থানের জন্য এখন থেকে ভিসার আবেদন করতে হবে। তবে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে কোনো কোনো দেশের ক্ষেত্রে এই সময়সীমা কম বা বেশি হতে পারে।

থাইল্যান্ডের সরকারি গেজেটে (রয়্যাল গেজেট) প্রজ্ঞাপন প্রকাশের ১৫ দিন পর থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই দেশের নাগরিকদের জন্য একাধিক ধরনের ভিসা ছাড়ের ব্যবস্থা থাকায় অনেক সময় বিদেশি পর্যটকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো। নতুন এই পদক্ষেপের লক্ষ্য সেই বিভ্রান্তি দূর করা।

এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের অর্থনীতির একটি বড় অংশই পর্যটন খাতের ওপর নির্ভরশীল।

২০১৯ সালে দেশটিতে রেকর্ড প্রায় ৪ কোটি পর্যটক এসেছিলেন। তবে মহামারির সময়ে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে যায় এবং গত দুই বছরে তা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন।

তবে সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচারের অভিযোগে যুক্তরাজ্যের নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি দেশটিতে গ্রেপ্তার হয়েছেন।

তা ছাড়া স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত এপ্রিলে রাজধানী ব্যাংককের একটি অনুমোদনহীন আন্তর্জাতিক স্কুলে অভিযান চালিয়ে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি ছাড়া চাকরি করার অভিযোগে ১০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে থাই পুলিশ।

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

ট্রাম্পের সতর্কবার্তার পরও ‘স্বাধীন ও সার্বভৌম’ দাবিতে অনড় তাইওয়ান

ব্যাংককে ট্রেন-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৮

মধ্যপ্রাচ্য থেকে সাড়ে ৯ হাজার লোক সরিয়ে নিয়েছে ফিলিপাইন

ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ

কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির জ্বালামুখে ছবি তুলছিলেন অভিযাত্রীরা, তখনই ঘটল অগ্ন্যুৎপাত

অস্ট্রেলিয়ায় উগ্র ইসলামপন্থী ২ নারী মানবতাবিরোধী অপরাধে আটক

সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে দিল্লি–নেপিডো, মিয়ানমার সফরে ভারতীয় নৌপ্রধান