হোম > বিশ্ব > এশিয়া

হেরাতের মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৮, আহত ২৩ 

আফগানিস্তানের হেরাতের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে এক প্রভাবশালী ধর্মীয় নেতাও রয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৩ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের অন্যতম বৃহত্তম মসজিদ গাজারগাহ মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত ওই প্রভাবশালী ধর্মীয় নেতার নাম মুজিবুল রহমান আনসারি। 

এএফপি এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৮ এবং আহতের সংখ্যা ২৩ জানালেও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে বলেছে, এই বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২০০ জন। শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণ হয়। 

হেরাতের গভর্নর হামিদুল্লাহ মুতাওয়াক্কিল বলেছেন, ‘এ ঘটনায় ১৮ জন শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ২৩ জন।’ ঘটনার পরপরই তালেবান সৈনিকেরা ঘটনাস্থলের চারপাশের রাস্তা আটকে দিয়ে উদ্ধার তৎপরতা এবং তল্লাশি শুরু করে। 

এদিকে বিস্ফোরণে নিহত মুজিবুর রহমান আনসারি বিগত দুই দশকজুড়েই পশ্চিমা সমর্থিত আফগান সরকারগুলোর কড়া সমালোচক ছিলেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আনসারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এই বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, মাস্কের ‘এক্স’-কে দুষলেন জাপানি মন্ত্রী

সেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার বাহিনী

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়া

মেয়েদের শিক্ষানীতিতে তালেবানের পক্ষ নেওয়ায় তিন দেশে সমালোচনার মুখে জাকির নায়েক

নেপালে একাধিক সাংবাদিক আটক, বার্তাকক্ষে পুলিশের অভিযান

কাছাকাছি জলসীমায় চীনের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, তাইওয়ানের উদ্বেগ

মাঝপথে থেমে গেল বিশ্বভ্রমণকারী প্রমোদতরি, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের

সানস্ক্রিন কোম্পানিগুলোর জালিয়াতি ধরা পড়ল অস্ট্রেলিয়ায়

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান