হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চীন–রাশিয়া ইরানকে ‘ভালো রকম’ সামরিক সহায়তা দিচ্ছে: আব্বাস আরাগচি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

রাশিয়া ও চীন বিভিন্ন উপায়ে ইরানকে সহায়তা করছে। এসব সহযোগিতার মধ্যে ‘সামরিক সহযোগিতা’ও রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল শনিবার সম্প্রচারমাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তেহরানের জন্য রাশিয়া ও চীন কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে।

মার্কিন সংবাদমাধ্যম পলটিকোর খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেছেন, ‘অতীতে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা ছিল, যা এখনো অব্যাহত রয়েছে, এবং এর মধ্যে সামরিক সহযোগিতাও রয়েছে।’ তিনি যোগ করেন, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক ক্ষেত্রেও এই দেশগুলোর সঙ্গে ইরানের ‘ভালো রকমের সহযোগিতা’ রয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা প্রকাশ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন। ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, এবং তিনি হয়তো মনে করেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’ তিনি কিয়েভকে মস্কোর সর্বাত্মক আগ্রাসন থেকে রক্ষায় দেওয়া সহায়তার প্রসঙ্গ টানেন এসময়।

গত এক দশকে যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ইরান ও রাশিয়া সম্পর্ক জোরদার করেছে। ইরান তাদের নিজস্ব নকশায় তৈরি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করে আসছে, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এমনকি রাশিয়ায় এসব ড্রোন তৈরির কারখানাও স্থাপন করা হয়েছে। সিরিয়ায় বাশার আল-আসাদের পতিত শাসনব্যবস্থাকেও দুই দেশ সমর্থন দিয়েছিল।

এর আগে, ২০২১ সালে ইরান বেইজিংয়ের সঙ্গে ২৫ বছরের একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যার মূল লক্ষ্য ছিল ইরানের সমৃদ্ধ তেলভান্ডার থেকে চীনকে সরবরাহ নিশ্চিত করা।

শনিবারের সাক্ষাৎকারে আরাগচি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কথা বলেন। ইরান ও ওমানের উপকূলঘেঁষা এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ পরিবাহিত হয়। এখানে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

আরাগচি বলেন, প্রণালিটি ‘আমাদের শত্রুদের, যারা আমাদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং তাদের মিত্রদের’ জাহাজ ও ট্যাংকারের জন্য বন্ধ রাখা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সরবরাহকারী পারস্য উপসাগরীয় দেশগুলোর দিকেও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তিনি যোগ করেন, ‘প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়। এটি কেবল আমেরিকান ও ইসরায়েলি জাহাজ এবং ট্যাংকারের জন্য বন্ধ, অন্যদের জন্য নয়।’

যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি—ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন আরাগচি

ইরানের পরমাণু স্থাপনা এখন ধ্বংসস্তূপ, নিরাপদ নৌ চলাচলে আলোচনার পথ খোলা: আরাগচি

মধ্যপ্রাচ্যে ব্রিটিশ যুদ্ধবিমান, কাতার-সাইপ্রাসে টাইফুন, এফ-৩৫ মোতায়েন

কিশোরী মডেলকে আল ফায়েদের ইয়টে পাঠিয়েছিলেন এপস্টেইন

কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হতে পারে: মার্কিন জ্বালানিমন্ত্রী

বিশ্বের জ্বালানি বাজারের চাবিকাঠি এখন ইরানের হাতে

এক যুদ্ধের ক্ষত নিয়ে আরেক যুদ্ধে আটকে গেল মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশ

ট্রাম্প ও তাঁর মিত্ররা ছাড়া হরমুজ প্রণালি সবার জন্য খোলা: ইরান

‘এপস্টেইন গ্যাং’ ৯/১১-এর মতো ঘটনা ঘটিয়ে ইরানকে দায় দেওয়ার ষড়যন্ত্র করছে: লারিজানি

ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের ভবন