ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় জোহানেসবার্গ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলসহ একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল এই অভিযান চালায়। জোহানেসবার্গের ও আর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের পূর্বাঞ্চলীয় ব্রুমা এলাকার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা দেশের বাইরে যাওয়ার ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
অভিযোগ, সরকারের অনুমতি ছাড়া ভাড়াটে যোদ্ধা হিসেবে বিদেশের যুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা করে তাঁরা দক্ষিণ আফ্রিকার আইন লঙ্ঘন করেছেন। পুলিশ জানিয়েছে, ইন্টারপোল ও অন্যান্য দেশের আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা থেকে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা নিজ নিজ দেশের আইনও লঙ্ঘন করে থাকতে পারেন। তবে তাঁদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে, কেউই দক্ষিণ আফ্রিকার নাগরিক বা দেশটির বাসিন্দা নন।
তাঁরা রাশিয়া নাকি ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানায়নি পুলিশ।
ইউক্রেন যুদ্ধে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়ছে। কেনিয়া, ঘানা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের একটি অংশ রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন। তাঁদের অনেককে প্রতারণার মাধ্যমে যুদ্ধে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়, আফ্রিকার ৩৬টি দেশ থেকে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
কেনিয়া জানিয়েছিল, দেশটির ২৫২ নাগরিককে রাশিয়ায় অবৈধভাবে যুদ্ধে নিয়োগ করা হয়েছে। গত মার্চে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদি মস্কো সফর করে এ বিষয়ে আলোচনা করেন। পরে কেনীয় নাগরিকদের নিয়োগ বন্ধে সমঝোতার কথা জানান তিনি।
এদিকে ঘানা জানিয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ২৭২ নাগরিককে যুদ্ধে অংশ নিতে প্রলুব্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে ৫৫ জন নিহত হয়েছেন।
একই মাসে দক্ষিণ আফ্রিকা প্রতারণার শিকার হয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য হওয়া ১৭ নাগরিককে দেশে ফিরিয়ে আনে। গত বছরের ডিসেম্বরে যুদ্ধের জন্য লোক নিয়োগের অভিযোগে এক সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ।