হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য-গবেষণা

অদৃশ্য বায়ুদূষণে গর্ভের শিশুরও দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা হয়: গবেষণা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

চোখে দেখা যায় না বা সহজে অনুভব করা যায় না এমন মৃদু বায়ুদূষণের সংস্পর্শে এলেও গর্ভস্থ ভ্রুণ ও ছোট শিশুদের ফুসফুসের চিরস্থায়ী ক্ষতি হতে পারে বলে নতুন এক গবেষণায় সতর্ক করেছেন বিজ্ঞানীরা। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, ডেনিশ পেডিয়াট্রিক অ্যাজমা সেন্টার এবং হারলেভ ও জেনটফটে হাসপাতালের যৌথ গবেষণায় এই আশঙ্কাজনক তথ্য সামনে এসেছে।

গবেষকেরা দেখেছেন, গর্ভাবস্থায় এবং জীবনের শুরুর বছরগুলোতে তুলনামূলকভাবে কিছুটা বেশি বায়ুদূষণের মধ্যে থাকা শিশুরা শৈশব পেরিয়ে কৈশোরে পৌঁছানো পর্যন্ত ফুসফুসের কার্যক্ষমতায় দীর্ঘমেয়াদী দুর্বলতায় ভোগে।

চিকিৎসা বিজ্ঞানে বায়ুদূষণকে ইতিমধ্যেই অ্যাজমা, সিওপিডি, কম ওজনের শিশু জন্ম, ক্যান্সার, হৃদরোগ এবং অকাল মৃত্যুর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হলেও, খুব কম মাত্রার দূষণও যে শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি করতে পারে, এই গবেষণায় তা সুস্পষ্টভাবে উঠে এসেছে।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক মারি পেডারসেন বলেন, ‘আমরা দেখেছি যেসব শিশু গর্ভকালীন এবং জন্মের পর প্রথম কয়েক বছর কিছুটা বেশি ঘনত্বের বায়ুদূষণের শিকার হয়েছে, ৬ বছর বয়সে পরীক্ষা করে তাদের ফুসফুসের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কম পাওয়া গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা এই ক্ষতির ধকল কাটিয়ে উঠতে পারে না। বায়ুদূষণের কারণে শৈশবজুড়ে এবং কৈশোর পর্যন্ত তাদের ফুসফুসের বিকাশ স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে ঘটেছে।’

ডেনিশ পেডিয়াট্রিক অ্যাজমা সেন্টারের সহায়তায় কয়েকশ অন্তঃসত্ত্বা নারী এবং তাঁদের শিশুদের ওপর ১৮ বছর বয়স পর্যন্ত দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ চালিয়ে গবেষণার প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।

গবেষকেরা মূলত বায়ুতে থাকা অতিসূক্ষ্ম কণা ‘পিএম ২.৫’ এবং ক্ষতিকারক গ্যাস ‘নাইট্রোজেন ডাই-অক্সাইড’-এর প্রভাব বিশ্লেষণ করেন। মূলত যানবাহন, কলকারখানা, কাঠ পোড়ানো চুলা এবং কৃষিকাজ থেকে এই দূষণ বাতাসে ছড়ায়।

গবেষণায় দেখা গেছে, বাতাসে মাত্র ২ মাইক্রোগ্রাম অতিরিক্ত অতিসূক্ষ্ম কণা থাকার কারণে ৬ বছর বয়সী শিশুদের ফুসফুসের ধারণক্ষমতা প্রায় ২ শতাংশ কমে যায়।

অধ্যাপক মারি পেডারসেন বলেন, ‘একজন একক শিশুর ক্ষেত্রে ২ শতাংশের এই ঘাটতি চোখে না-ও পড়তে পারে। কিন্তু পুরো জনসংখ্যার কথা বিবেচনা করলে গড় মাত্রার সামান্য এই পরিবর্তন পুরো জনস্বাস্থ্যের ওপর এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলে।’

ডেনমার্কে গত কয়েক দশকে বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমলেও, তা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মাত্রার (প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম) চেয়ে অনেক ওপরে। ডেনমার্কে এই বার্ষিক গড় উপস্থিতি প্রায় ৯ দশমিক ৬ মাইক্রোগ্রাম। এ ছাড়া ডেনমার্কের বায়ুদূষণের প্রায় ৭৫ শতাংশই তৈরি হয় সীমান্ত পেরিয়ে আসা বিদেশি উৎস থেকে।

গবেষকেরা বলছেন, বায়ুদূষণ এমন একটি পরিবেশগত সমস্যা যার উৎসগুলো আমাদের পক্ষে জানা এবং পদক্ষেপ নেওয়া সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন এবং বৈশ্বিক পর্যায়ে এই দূষণ আরও কমানো সম্ভব হলে তা শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় বিশাল ভূমিকা রাখবে।

তবে এই গবেষণার ফলাফলে অভিভাবকদের আতঙ্কিত হয়ে শিশুদের ঘরের ভেতর আটকে না রাখার পরামর্শ দিয়েছেন অধ্যাপক পেডারসেন।

তিনি বলেন, ‘এই গবেষণার মূল উদ্দেশ্য এটি নয় যে পরিবারগুলো প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে আতঙ্কিত থাকা উচিত। শিশুদের স্বাভাবিকভাবে সাইকেল চালানো, বাইরে খেলাধুলা করা এবং শারীরিক কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। মূল বার্তা হলো—একটি পরিচ্ছন্ন বায়ুমণ্ডল নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের, এবং সেই লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে।’

শিশুর প্রারম্ভিক বিকাশের সহায়তা বিদ্যামান স্বাস্থ্যসেবাতেই সম্ভব: আইসিডিডিআরবি

প্রতিদিন বাদাম খেলে বাড়ে মস্তিষ্কের ক্ষমতা

‘স্বাস্থ্যকর লবণ’ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব: গবেষণা

দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর

স্ট্রোকে দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন

নারীকে পণ্য হিসেবে দেখার মানসিকতা দূর করতে পারে মাথায় বৈদ্যুতিক শক: গবেষণা

ত্বকের ক্যানসার ঠেকাতে এল প্রথম এমআরএনএ ভ্যাকসিন, সাফল্যের হার ৪২ শতাংশ

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পারকিনসনসের ঝুঁকি অর্ধেক কম: অক্সফোর্ডের গবেষক