হোম > স্বাস্থ্য

হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

হামের প্রাদুর্ভাব রোধে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে জনবল ও চিকিৎসাসামগ্রী দিচ্ছে ব্র্যাক। এই টিকাদান কর্মসূচিতে ব্র্যাকের পক্ষ থেকে ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে। দেশের ৩৬টি জেলায় ব্র্যাকের ২৪ হাজারের বেশি স্বাস্থ্যসেবিকা শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করবেন।

আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্র‍্যাক এসব তথ্য জানিয়েছে।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আজ থেকে দেশের সব উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে শুরু হয়েছে। এই কর্মসূচিতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। এর আগে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ৫ এপ্রিল ১৮ জেলার অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় হাম-রুবেলার টিকাদান শুরু হয়।

হাম-রুবেলার এই টিকাদান কর্মসূচিতে সিরিঞ্জ সরবরাহসহ ইপিআইকে নানাভাবে সহায়তা করছে ব্র্যাক। ব্র্যাকের পক্ষ থেকে ইপিআইকে গত শনিবার (১৮ এপ্রিল) ২ লাখ ১৬ হাজার মিক্সিং সিরিঞ্জ সরবরাহ করা হয়। আজ পর্যন্ত মোট ৬ লাখ ৪৮ হাজার সিরিঞ্জ হস্তান্তর করা হয়েছে। অন্য সিরিঞ্জগুলো ৩০ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

এ বিষয়ে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, ‘এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সরকারের সহযোগী হতে পেরে ব্র‍্যাক গর্বিত। জীবনরক্ষাকারী এই টিকা প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে এবং দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

টিকাদান কর্মসূচিতে জনগণকে উৎসাহিত করতে ৩৬ জেলার ২৮০টি উপজেলার ইউনিয়নপর্যায়ে সর্বোচ্চ দুই দিন ব্র্যাকের অর্থায়নে মাইকিং করা হবে। পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্যসেবিকারা বাড়ি বাড়ি যাবেন এবং তাঁরা অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের টিকা নিতে টিকাদান কেন্দ্রে যেতে উদ্ধুদ্ধ করবেন। আজ থেকে আগামী ১২ মে পর্যন্ত এই স্বাস্থ্যসেবিকারা মাঠে থাকবেন।

একই সঙ্গে ব্র্যাকের প্রায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী টিকাদানে ও নিবন্ধন কার্যক্রমে সহায়তা করবেন। টিকাদান পরিচালনার ক্ষেত্রে সহায়তা করতে ব্র্যাকের পক্ষ থেকে দুজন সহকারী ইপিআই সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন।

সরকারের সহযোগী হিসেবে জনস্বাস্থ্যের উন্নতিতে দীর্ঘদিন ধরেই নানা প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ব্র্যাক। মানবিক ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় সব সময় এগিয়ে এসেছে ব্র্যাক। কড়াইল বস্তিসহ বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো; বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপদ্রুত এলাকার মানুষের পাশে থেকেছে ব্র্যাক।

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু, কারা পাবে, কোথায় দেওয়া হবে

সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৬৫: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সন্দেহজনক শনাক্ত ৯৪২

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

পরিমাণ বুঝে ‘সঠিক’ পানি পান করুন

গরমে খাদ্যতালিকা রাখুন নিজের নিয়ন্ত্রণে

আপনার কণ্ঠ আপনার পরিচয় যত্ন নিন আজই